অর্থনীতি, সংস্কার ও আগামী নেতৃত্ব্ব আলোচ্যের তালিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার থেকে বেইজিংয়ে শুরু হয়েছে। চার দিনব্যাপী এ সম্মেলনে দেশের অর্থনীতি, সংস্কার ও পরবর্তী পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া প্রেসিডেন্ট হু জিনতাও এবং প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের উত্তরসূরি কারা হতে যাচ্ছেন, তারও আভাস মিলতে পারে এ সম্মেলন থেকে।বরাবরের মতো সম্মেলনকে ঘিরে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। আগামী সোমবার সম্মেলন শেষ হওয়ার পরই কেবল আলোচনার একটি সংক্ষিপ্তসার দেশের মানুষকে জানাবে রাষ্ট্রীয় গণমাধ্যম।বিশ্লেষকেরা বলছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে বরং ধনী-গরিব এবং দেশের উপকূলীয় এলাকার সঙ্গে অভ্যন্তরীণ ভূ-ভাগের বৈষম্য নিরসনই আলোচনায় প্রাধান্য পাবে। এ ছাড়া রাজনৈতিক সংস্কারের বিষয়টিও আলোচনায় আসতে পারে। তবে এ ক্ষেত্রে আদৌ কোনো অগ্রগতি হবে বলে কেউ আশা করছেন না।পশ্চিম বেইজিংয়ের একটি হোটেলে সম্মেলন হচ্ছে। এতে যোগ দিচ্ছেন দলের কেন্দ্রীয় ও প্রাদেশিক কমিটির প্রায় ৩৭০ জন সদস্য। প্রেসিডেন্ট হু জিনতাও এবং প্রধানমন্ত্রী জিয়াবাও সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।চীনের কারাবন্দী মানবাধিকারকর্মী লিউ সিয়াওবো এবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। যদিও চীন এতে নাখোশ। তবে এ ঘটনায় দেশটিতে মানবাধিকার নিশ্চিত করতে চীনের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বেড়েছে। আর এই পরিস্থিতিতে এবারের সম্মেলন একটু ভিন্নমাত্রা পাচ্ছে। প্রধানমন্ত্রী জিয়াবাও সম্প্রতি সংস্কারের পক্ষে কিছুটা কথা বলেছেন।চলতি মাসের শুরুর দিকে সিএনএন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জিয়াবাও বলেন, চীনে গণতন্ত্র ও স্বাধীনতার আহ্বান ঠেকিয়ে রাখা যাবে না। এর আগে আগস্ট মাসে তিনি বলেন, রাজনৈতিক সংস্কার না হলে অর্থনীতিতে চীনের অগ্রগতি বিফলে যেতে পারে। তার পরও দলের নীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আসতে পারে, এমন লক্ষণ দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের চীনবিষয়ক গবেষক নিকোলাস বেকুইলিন বলেন, চীন এখন একটি ভিন্ন পরিস্থিতির মধ্যে পড়েছে। এই পরিস্থিতিতে সব দাবিদাওয়া মেনে নেওয়া দলের জন্যও কঠিন হবে। বেইজিংয়ে এখন আলোচনা-গুঞ্জনের প্রধান বিষয় ভাইস প্রেসিডেন্ট ঝি জিনপিংকে সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান করা হবে কি না তা নিয়ে। প্রেসিডেন্ট হওয়ার আগে হু জিনতাওকেও ওই পদে বসানো হয়েছিল। কাজেই জিনপিংকে ওই পদে নিয়োগ দেওয়ার অর্থ ২০১৩ সালে জিনতাওয়ের মেয়াদ শেষ হওয়ার পর তিনিই প্রেসিডেন্ট হবেন।তবে ক্ষমতার শিখরে যিনিই আসুন, জিনপিং বা প্রধানমন্ত্রী জিয়াবাওয়ের সম্ভাব্য উত্তরসূরি উপ-প্রধানমন্ত্রী লি কেকিয়াংসহ চীনের নতুন প্রজন্মের নেতারা সম্ভবত সব ক্ষেত্রে বর্তমান সরকারের আদর্শের অনুসারী হবেন। এএফপি, বিবিসি।