বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে যাত্রা শুরু হলো লি কেকিয়াংয়ের। গত নভেম্বরে কমিউনিস্ট পার্টির সম্মেলনে দলীয় প্রতিনিধিরা প্রধানমন্ত্রী পদে কেকিয়াংয়ের মনোনয়ন নিশ্চিত করেন। গত শুক্রবার দেশটির পার্লামেন্টে তা পাস হয়। বিশ্লেষকেরা বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে কেকিয়াংয়ের প্রথম পরীক্ষা হবে দেশটির বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করা।প্রধানমন্ত্রী কেকিয়াং উত্তরাধিকার সূত্রে অর্থনৈতিক খাতে নানা ধরনের সমস্যা পেয়েছেন। দায়িত্ব নিয়েই তাঁকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে আনা, আবাসনসুবিধা সহজলভ্য করা, স্থানীয় সরকারের ঋণঘাটতি মেটানো এবং নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মান এগিয়ে নেওয়ার মতো বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। অনেক অর্থনীতিবিদই বলছেন, এসব কাজ করতে দীর্ঘমেয়াদের জন্য দেশের অর্থনীতির গতি ধারাবাহিকভাবে উন্নতির দিকে গতিশীল রাখতে হবে। নতুন প্রধানমন্ত্রীর জন্য এটা হবে বড় চ্যালেঞ্জ।যুক্তরাষ্ট্রভিত্তিক পররাষ্ট্রনীতি বিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান কার্নেগি এনডয়মেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ইউকোন হুয়াং বলেন, ‘আমার মনে হয় নতুন নেতৃত্ব বর্তমান বিশ্বব্যবস্থা, বাজার অর্থনীতি বা উদারনীতিকে স্বীকৃতি দেবে। এটা হলে সাফল্য পাওয়া যাবে, তবে পাশাপাশি ঝুঁকিও থাকবে।’চীনের অর্থনীতি গত বছর বেড়েছে ৭ দশমিক ৮ শতাংশ। আগের বছরের তুলনায় এই বৃদ্ধির গতি ১৯৯৯ সালের পর সবচেয়ে কম। এদিকে চীনের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ঝউ শিয়াচুয়ানের বয়স দেশটির নতুন নেতৃত্বের কাছে সমস্যার সৃষ্টি করেছে। এরই মধ্যে তাঁর বয়স ৬৫ হয়ে গেছে। এই বয়সে তাঁর অবসরে যাওয়ার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাঁকে এই পদে রেখে দেওয়া হতে পারে। ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন চায়নার সাবেক সভাপতি জয়ের্জ উটকে বলেন, ‘আমার মনে হয় ঝউ শিয়াচুয়ানকে তাঁর পদ থেকে সরানো হবে না। কারণ, নতুন নেতৃত্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে অন্য কারও ওপর ভরসা রাখতে পারবে না।’প্রধানমন্ত্রী কেকিয়াং অবশ্য এই অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কাছে পাচ্ছেন অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দক্ষ বলে পরিচিত ওয়াং ইয়াংকে। কমিউনিস্ট পার্টির গুয়াংদং প্রদেশের সাবেক সাধারণ সম্পাদক ইয়াং চীনের উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হতে যাচ্ছেন। সংস্কারপন্থী বলে পরিচিত ইয়াং দেশটির বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবর্তনের দিকেই ঝুঁকতে পারেন বলে মনে করা হচ্ছে।