অর্থনীতি শক্তিশালী করার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী করার অঙ্গীকারের মধ্য দিয়ে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক জোটের (অ্যাপেক) দুই দিনব্যাপী সম্মেলন গতকাল রোববার শেষ হয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, জাপানসহ অ্যাপেকভুক্ত দেশগুলো খাদ্য রপ্তানি সীমিত না করার কথাও জানিয়েছে। তবে সম্মেলনে বিশ্ব অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও সংরক্ষণনীতির জন্য উদ্বেগ প্রকাশ করা হয়েছে।এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১টি রাষ্ট্র নিয়ে গঠিত অ্যাপেকের বার্ষিক সম্মেলন গত শনিবার রাশিয়ার বন্দরনগর ভ্লাদিভস্তকে শুরু হয়। অ্যাপেকভুক্ত সদস্যরাষ্ট্রের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিভক্তি ও কয়েকটি রাষ্ট্রের মধ্যে ভূখণ্ড নিয়ে চরম বিরোধের মধ্যেই এই সম্মেলন অনুষ্ঠিত হলো।সম্মেলনে সদস্যরাষ্ট্রগুলো পরিবেশবান্ধব প্রযুক্তি রপ্তানিতে শুল্ক কমানো ও বাণিজ্য উদারীকরণের ব্যাপারে একমত হয়। অ্যাপেকের নেতারা বলেন, বিশ্ব অর্থনীতি এখনো ভঙ্গুর। অগ্রসর অর্থনীতির বিভিন্ন দেশের ঘাটতি ও ঋণ বিশ্ব অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। ইউরোপের কয়েকটি দেশের এমন অর্থনৈতিক পরিস্থিতি এই অঞ্চলের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ কারণে আমরা অর্থনৈতিক স্থিতিশীলতা ও আস্থা পুনরুদ্ধারে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের ঋণসংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও এই সংকট কাটিয়ে উঠতে ইউরোপীয় নেতাদের নেওয়া উদ্যোগের প্রশংসা করা হয়।এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি চীন। সম্মেলনে অংশ নিয়ে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এই অঞ্চলের অর্থনৈতিক মন্দা মোকাবিলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তার অর্থনীতি পুনর্বিন্যাসের প্রতিশ্রুতি দেন। হু জিনতাও ও জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা এই সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক করেন। তবে এই বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানা যায়নি। দক্ষিণ চীন সাগরে অবস্থিত কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে চীন ও জাপানের মধ্যে বিরোধ চলছে। রয়টার্স।