অর্থনীতির নোবেল পেলেন তিন মার্কিন

অর্থনীতিবিজ্ঞানে অবদানের জন্য এ বছর নোবেল স্মৃতি পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিক ইউজিন ফামা, লার্স পিটার হ্যান্সেন ও রবার্ট শিলার।
বার্তা সংস্থা এপির বরাতে ‘দ্য নিউইয়র্ক টাইমস’ জানায়, রাজকীয় সুইডেনীয় বিজ্ঞান একাডেমি আজ সোমবার ‘সম্পত্তির মূল্যের প্রায়োগিক বিশ্লেষণ’ নিয়ে গবেষণার জন্য ওই তিন মার্কিনকে অর্থনীতিশাস্ত্রের নোবেল বলে খ্যাত এই স্মৃতি পুরস্কারে ভূষিত করেছে।
নোবেল পুরস্কার কমিটি ইতিমধ্যে ২০১৩ সালের ছয়টি পুরস্কার ঘোষণা করেছে। এ জন্য ১২ কোটি ডলারের পুরস্কার দেওয়া হবে।
অর্থনীতিবিজ্ঞানের এ পুরস্কার আসলে নোবেল পুরস্কার নয়। তবে এটিকে অর্থশাস্ত্রের নোবেল বলে গণ্য করা হয়। এটি ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেলের স্মৃতিতে দেওয়া একটি পুরস্কার।
প্রতিবছর চিকিত্সাবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। সুইডেনের বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেল ১৮৯৫ সালে এ পুরস্কার প্রবর্তন করেন।
১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থশাস্ত্রে গবেষণার জন্য আলফ্রেড নোবেলের স্মরণে এই স্মৃতি পুরস্কারটি চালু করে।
এসভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস বা অর্থনীতিবিজ্ঞানে সুইডেনীয় কেন্দ্রীয় ব্যাংক পুরস্কারকে এখন অর্থশাস্ত্রে গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বড় পুরস্কার হিসেবে গণ্য করা হয়।