অর্থনীতির পরিসর বাড়াতে লিঙ্গসমতা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী অর্থনীতির পরিসর বাড়াতে লিঙ্গসমতা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি। যত বেশি নারী কাজ করবে, অর্থনীতি তত বেশি শক্তিশালী হবে। বিশ্ববাজারের মোট কর্মসংস্থানের ৯০ শতাংশ বেসরকারি খাতে। তাই ব্যবসায়িক সম্প্রদায়সহ অন্য সব গোষ্ঠীর উচিত লিঙ্গসমতাকে প্রাধান্য দেওয়া।
গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত উইমেন এমপাওয়ারমেন্টে প্রিন্সিপালস বা ডব্লিউইপির ষষ্ঠ বার্ষিক সম্মেলনে এ অভিমত ব্যক্ত করেন বেসরকারি উদ্যোক্তারা। তাঁরা বলেন, নারীদের কাজের সুবিধা বাড়ানো ও উন্নতি করতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা উচিত।
আজ ৮ মার্চ বিশ্ব নারী দিবস। এর আগে ডব্লিউইপি আয়োজিত ওই সম্মেলনে সারা বিশ্বের প্রায় আড়াই শ ব্যবসায়ী, সুশীল সমাজ, শিক্ষাবিদ ও সরকারের প্রতিনিধি যোগ দেন। তাঁরা কেবল নারীদের সমস্যার কথাই তুলে ধরেননি, কাজের ক্ষেত্রে লিঙ্গসমতা প্রতিষ্ঠায় নীতি, দৃষ্টান্ত ও পরামর্শ নিয়েও আলোচনা করেন।
জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেনের নির্বাহী পরিচালক পুমজাইল এমলামবো-এনগুকা বলেন, ‘নারীদের ক্ষমতায়ন নীতিতে যেসব প্রতিষ্ঠান বা নেতা স্বাক্ষর করেছেন, আমি তাঁদের সাধুবাদ জানাই। নারীদের সমতা প্রতিষ্ঠা করে আমরা সবার জন্য অগ্রগতি সাধন করতে চাই।’ তিনি আরও বলেন, ‘শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নারী ও মেয়েদের ক্ষমতায়ন প্রতিষ্ঠা এবং সমান সুযোগ দেওয়ার মাধ্যমে তাঁদের পূর্ণ অংশগ্রহণ ও নেতৃত্বে সহযোগিতা করা গেলে আমরা ন্যায়সংগত ও সামুদয়িক অর্থনৈতিক উন্নতি এবং দারিদ্র্য কমাতে পারব। আর এটা হবে সব পক্ষের জন্যই মঙ্গলজনক।’
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তথ্য অনুযায়ী, বিশ্বের কর্মক্ষম জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখা এবং বৈশ্বিক মন্দার কারণে সৃষ্ট বেকারত্ব হ্রাস করতে হলে আগামী এক দশকে প্রত্যেক বছর গড়ে সাড়ে চার থেকে পাঁচ কোটি নতুন কর্মসংস্থানের প্রয়োজন হবে। ইউএন উইমেন ডট ওআরজি।