অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর জোটের (অ্যাপেক) নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়ার বন্দরনগর ভ্লাদিভস্তকে গতকাল শনিবার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী অ্যাপেক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। অ্যাপেকভুক্ত ২১ সদস্যরাষ্ট্রের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিভক্তি ও কয়েকটি রাষ্ট্রের মধ্যে ভূখণ্ড নিয়ে চরম বিরোধের মধ্যেই গতকাল এই জোটের বার্ষিক সম্মেলন শুরু হয়। স্বাগতিক দেশ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সম্মেলনের উদ্বোধন করেন।পুতিন বলেন, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ বিশ্ব অর্থনীতির উন্নয়নে বিভিন্ন দেশের মধ্যে প্রতিবন্ধকতা নয়, সেতুবন্ধ গড়ে তোলার কাজটিই গুরুত্বপূর্ণ। আর এটা করতে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।প্রতিবছর বিশ্ববাণিজ্যের প্রায় অর্ধেকই অ্যাপেকের সদস্যরাষ্ট্র এই ২১টি দেশ করে থাকে। সম্মেলনের প্রথম দিনে বাণিজ্যের ক্ষেত্রে পারস্পরিক সুনাম গড়ে তুলতে এই জোটের নীতি অনুযায়ী সব বাধা দূর করার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়। চলতি বছর চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কয়েকটি এলাকা, বিশেষ করে দক্ষিণ চীন সাগরে অবস্থিত বিভিন্ন দ্বীপের মালিকানা নিয়ে মতবিরোধ চরমে উঠেছে। অ্যাপেক সম্মেলন এর প্রভাব কাটাতে পারবে না বলেই মনে হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা ঘোষণা দেন, তিনি সম্মেলনে অংশ নিলেও চীনের প্রেসিডেন্ট হু জিনতাও বা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাকের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো বৈঠকে বসবেন না। অ্যাপেকের সদস্যরাষ্ট্র ভিয়েতনাম ও ফিলিপাইন গতকালের সম্মেলন শুরু হওয়ার আগের চীনের কঠোর সমালোচনা করে। এএফপি।সম্মেলন পূর্ববর্তী এক আলোচনায় অংশ নিয়ে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি একপ্রকার সতর্কবার্তা পাঠিয়েছেন। তিনি এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের গতি নিশ্চিত করতে বিরাজমান সমস্যাকে আরও জটিল না করতে এই অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানান। এএফপি।