অর্থনৈতিক সংকট এড়াতে থাই জান্তার পরিকল্পনা
থাইল্যান্ডে অর্থনৈতিক সংকট এড়াতে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য ঋণের নিশ্চয়তাসহ বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করেছে দেশটির জান্তা সরকার৷ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেলরা ক্ষমতা দখল করার দুই সপ্তাহের মাথায় এ ঘোষণা এল৷ খবর রয়টার্স ও বিবিসির৷
থাই বিমানবাহিনীর প্রধান মার্শাল প্রাজিন জুনতং গত রোববার রাতে অর্থনৈতিক সংকট সমাধানে সরকারের পরিকল্পনা প্রকাশ করেন৷ এর আগে তিনি দেশটির অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন৷
নতুন পরিকল্পনায় স্বল্পমেয়ািদ ও দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে৷ দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে মিয়ানমার, লাওস ও মালয়েশিয়া সীমান্তে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে৷ আর স্বল্পমেয়াদি পরিকল্পনার আওতায়, ৩০ দিনের জন্য জ্বালানির দাম স্থিতিশীল রাখা এবং করারোপের ক্ষেত্রে কাঠামোগত বৃহত্তর সংস্কার চূড়ান্ত করার কথা বলা হয়েছে৷
জান্তা সরকারের অর্থনৈতিক পরিকল্পনা প্রকাশ করা মানে, তারা বেশ লম্বা সময় ধরে ক্ষমতায় থাকার প্রত্যাশা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা৷ এর আগে গত শুক্রবার থাই সেনাপ্রধান প্রাইউথ শান-ওশা ঘোষণা দেন, আগামী এক বছরের মধ্যে দেশটিতে কোনো নির্বাচন হবে না৷ রাজনৈতিক সমঝোতা এবং দেশে সংস্কার বাস্তবায়নে সময় দরকার রয়েছে বলে মন্তব্য করেন তিনি৷
থাইল্যান্ডে সরকারবিরোধী ও সমর্থকদের মধ্যে কয়েক মাসের টানা রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে বিভিন্ন মন্ত্রণালয় বন্ধ হয়ে যায়৷ এতে করে ব্যবসা-বাণিজ্যে আস্থাহীনতার কারণে দেশটির অর্থনীতি চরম সংকট পড়ে৷ এ অবস্থায় গত ২২ মে দেশটিতে সেনা-অভ্যুত্থান ঘটে৷ সামরিক বাহিনী বর্তমানে অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি অভ্যুত্থানবিরোধী আন্দোলন দমন করতেও ব্যতিব্যস্ত রয়েছে৷
সেনাবাহিনী দেশে রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করলেও রাজধানী ব্যাংককে প্রায় প্রতিদিনই বিক্ষোভ চলছে৷ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা ও তাঁর ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকসহ রাজনীতিকদের আটক করে সতর্ক করে দেওয়া হলেও বিক্ষোভ বন্ধ করা যাচ্ছে না৷