ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁর সরকারের বিতর্কিত অর্থনৈতিক সংস্কার উদ্যোগের পক্ষে দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। গতকাল শুক্রবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ বিষয়ে তাঁর সরকারের অনড় অবস্থানের কথা জানান।সরকারের সংস্কার পদক্ষেপের মধ্যে খুচরা বাজারে বিদেশি কোম্পানিগুলোকে বিনিয়োগ করতে দেওয়া (এফডিআই), ডিজেলের মূল্যবৃদ্ধি, সার ও রান্নার গ্যাসে ভর্তুকি হ্রাসসহ বেশ কিছু বিষয় রয়েছে। এসব পদক্ষেপের বিরোধিতা করে ইউপিএ জোট সরকারের শরিক দল তৃণমূল আনুষ্ঠানিকভাবে জোট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে মনমোহন এই ভাষণ দিলেন।১৫ মিনিটের ভাষণে মনমোহন বলেন, বিদেশি বিনিয়োগ বাড়িয়ে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্যই তাঁরা অর্থনৈতিক সংস্কারের দিকে যাচ্ছেন। তিনি দাবি করেন, সংস্কার কর্মসূচির নামে তাঁর সরকার জনগণের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দিচ্ছে বলে বিরোধীরা যে অভিযোগ করছে, তা সঠিক নয়।ইউপিএ সরকারকে সাধারণ মানুষের সরকার উল্লেখ করে মনমোহন তাঁর ওপর আস্থা রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করে মনমোহন বলেন, বিশ্বে জ্বালানি তেলের দাম বাড়তির দিকে। সরকার তেলের ওপর বিশাল অঙ্কের ভর্তুকি দেয়। এই ভর্তুকির পরিমাণ বর্তমানে দুই লাখ কোটি রুপিরও বেশি। তিনি বলেন, ভর্তুকি বাবদ এত অর্থের সংস্থান করা এই মুহূর্তে তাঁর সরকারের পক্ষে সম্ভব নয়। বিবিসি।