অর্থনৈতিক সমতা নিশ্চিতের কাজ অসমাপ্ত রয়েছে: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের সময় আসন ছেড়ে দাঁড়ান (ডান থেকে) মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মার্কিন লেখক ক্যারোলিন কেনেডি, ফার্স্ট লেডি মিশেল ওবামা, টক শো উপস্থাপক অপরাহ উইনফ্রে, মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসনের মেয়ে লিন্ডা বার্ড জনসন রব। মার্টিন লুথার কিং জুনিয়রের ‘আই হ্যাভ এ ড্রিম’ বক্তৃতার ৫০তম বার্ষিকী উপলক্ষে গত বুধবার লিঙ্কন মেমোরিয়ালে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তাঁরা, ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের সময় আসন ছেড়ে দাঁড়ান (ডান থেকে) মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মার্কিন লেখক ক্যারোলিন কেনেডি, ফার্স্ট লেডি মিশেল ওবামা, টক শো উপস্থাপক অপরাহ উইনফ্রে, মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসনের মেয়ে লিন্ডা বার্ড জনসন রব। মার্টিন লুথার কিং জুনিয়রের ‘আই হ্যাভ এ ড্রিম’ বক্তৃতার ৫০তম বার্ষিকী উপলক্ষে গত বুধবার লিঙ্কন মেমোরিয়ালে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তাঁরা, ছবি: এএফপি

নাগরিক অধিকার আন্দোলনের স্বনামখ্যাত নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের কর্মসূচির মূল লক্ষ্যের সঙ্গে নিজের এক লড়াইয়ের সাদৃশ্য খুঁজে পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা। এ লড়াই কৃষ্ণাঙ্গদের অর্থনৈতিক অধিকারের লড়াই।
যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের অবিসংবাদিত নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক ‘আই হ্যাভ এ ড্রিম’ (আমি স্বপ্ন দেখি) ভাষণের ৫০তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘অর্থনৈতিক সমতা নিশ্চিত করার ব্যাপারে আমাদের কাজ আজও অসমাপ্ত রয়ে গেছে।’
আজ থেকে কয়েক দশক আগে নাগরিক অধিকার আন্দোলনকারীদের লড়াই-সংগ্রামের সঙ্গে হোয়াইট হাউসে তাঁর উত্থানেরও সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন ওবামা। ওয়াশিংটনের ন্যাশনাল মলে লিংকন স্মৃতিসৌধে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
স্থানীয় সময় বেলা তিনটায় ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন। তাঁদের মধ্যে বহু আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন এবং শ্বেতাঙ্গ নাগরিক অধিকার কর্মী ছিলেন। তাঁদের কেউ কেউ কৃষ্ণাঙ্গদের সমানাধিকারের দাবিতে ৫০ বছর আগে এখানেই সমাবেশে যোগ দিয়েছিলেন।
লুথার কিং জুনিয়রের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন ওবামা। অর্ধশত বছর আগে সমবেত সেই নাগরিক অধিকার কর্মীদের ইঙ্গিত করে ওবামা বলেন, ‘তাঁরা সেদিন একজন মহান মুক্তিদাতার ডাকে সাড়া দিয়ে ওয়াশিংটনে সমবেত হয়েছিলেন, চেয়েছিলেন অন্যায়ের প্রতিবাদ করতে, দীর্ঘ দিন ধরে ঘুমিয়ে থাকা বিবেকবোধকে জাগ্রত করতে সরকারের প্রতি আহ্বান জানাতে।’
ওবামা আরও বলেন, তাঁরা সেই সমাবেশ করেছিলেন বলেই পরে সিটি কাউন্সিল বদলেছিল, আইনপ্রণেতাদের পরিবর্তন ঘটেছিল, কংগ্রেস পাল্টে গিয়েছিল, দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসেছিল, পরিণামে বদলে গিয়েছিল হোয়াইট হাউস। তাঁরা সেদিন আন্দোলন-সমাবেশ করেছিলেন বলেই যুক্তরাষ্ট্র আরও স্বাধীন ও মুক্ত হয়েছিল।
এ সুফল যাঁরা বয়ে এনেছিলেন তাঁদের অবদানের প্রশংসা করে ওবামা বলেন, ‘আজ আমাদের সন্তানেরা এমন একটি দেশ পেয়েছে, যেখানে নানা বর্ণের মানুষ জনসমক্ষে ও ব্যক্তিগত জীবনে অবাধে মেলামেশা করতে পারে।’

ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালের অনুষ্ঠানে বক্তব্য দেন ওবামা, এএফপি
ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালের অনুষ্ঠানে বক্তব্য দেন ওবামা, এএফপি

নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিং জুনিয়র প্রায় আড়াই লাখ মানুষের বিশাল সমাবেশে ‘আমি স্বপ্ন দেখি’ শিরোনামের ঐতিহাসিক ভাষণে কৃষ্ণাঙ্গদের জন্য সুদিনের প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। ওয়াশিংটনের এই স্মৃতিসৌধ এলাকায় সেদিনের সমাবেশে নারী-পুরুষ-বর্ণ-গোত্রনির্বিশেষে সব ধরনের ও বয়সের মানুষ অংশ নিয়েছিল। লুথার কিং যেখানে দাঁড়িয়ে তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন ওবামা সেখানেই ভাষণ দেন। অন্যদের মধ্যে কিংয়ের পরিবারের সদস্যরা ছাড়াও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জিমি কার্টার বক্তব্য দেন। তাঁরা দুজনই ঐতিহাসিক ওই সমাবেশে যোগ দিয়ে কিংয়ের ভাষণ সরাসরি শুনেছিলেন। বিবিসি।