অর্থের দাপটে বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গে ধর্ষণবিরোধী আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ এবং ক্ষমতার দাপটে শেষ পর্যন্ত মুখথুবড়ে পড়েছে পশ্চিমবঙ্গে গণধর্ষণ নিয়ে জেগে ওঠা একটি আন্দোলন।

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কামদুনি গ্রামে গত ৭ জুন প্রকাশ্যে এক কলেজছাত্রী গণধর্ষণের শিকার হন।কলেজ থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশের একটি কারখানায় বেলা আড়াইটার দিকে জোর করে নয়জন যুবক তুলে নেয় বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী শিপ্রা ঘোষকে।তারপর তাঁকে ধর্ষণ করে খুন করে ধর্ষণকারীরা।এরপর মৃতদেহ দেয়াল টপকে ফেলে দেওয়া হয় একটি খেতে।

সেই কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধারের পর জ্বলে ওঠে কামদুনি।গ্রামের মানুষ এক হয়ে ওই ধর্ষণের বিরুদ্ধে পথে নামেন।গড়েন কামদুনি প্রতিবাদী মঞ্চ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামদুনিতে এসে এই গণধর্ষণ ও হত্যার বিচারের আশ্বাস দিলেও শান্ত হয় না কামদুনি আন্দোলন।নেতৃত্বে চলে আসেন ওই গ্রামের দুই নারী টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল।আন্দোলন একপর্যায়ে ভয়ংকর রূপ নেয়।

এই আন্দোলনকে সামাল দিতে মাঠে নামেন তৃণমূলের শীর্ষ নেতা ও পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।তিনি নিহত ছাত্রীর পরিবারকে সার্বিক আর্থিক সহযোগিতা ও চাকরির প্রস্তাব দিলেও তা ফিরিয়ে দেয় পরিবার।এমন সময় নিহত ছাত্রীর চাচা হঠাত্ করে মারা গেলে কামদুনি আন্দোলন আরও বেগবান হয়।

কলকাতায়ও প্রতিবাদী মিছিল, সভা সমাবেশ হয়।মিছিলে শামিল হন কলকাতার বিশিষ্টজনসহ সাধারণ মানুষ।

তবে এই আন্দোলনকে ধাক্কা দেওয়ার জন্য সরকারি মদদে গড়া হয় শান্তিরক্ষা কমিটি।চাকরি এবং প্রলোভন দেওয়া হয় শিপ্রার পরিবারকে।সরকার তাঁর ভাই ও চাচিকে সরকারি চাকরি দেয়।তাঁর পরিবারের হাতে তুলে দেয় এক লাখ রুপির চেক।এতে সন্তুষ্ট হয় পরিবার।তাঁরা কামদুনি প্রতিবাদী মঞ্চ ছেড়ে চলে যান।আর এভাবেই মুখথুবড়ে পড়ে কামদুনি আন্দোলন।যদিও পুলিশ গণধর্ষণের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে।