অর্ধশতাব্দী পর যুক্তরাষ্ট্রে কিউবার রাষ্ট্রদূত নিয়োগ
১৯৬১ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত নিয়োগ দিল কিউবা। নতুন রাষ্ট্রদূতের নাম হোসে কাবানাস। দক্ষ এই কূটনীতিক ২০১২ সাল থেকে ওয়াশিংটনে ‘কিউবার বিষয়াদি’ দেখে আসছিলেন। খবর রয়টার্সের।
হোসে কাবানাস গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন। এ প্রসঙ্গে এক বিবৃতিতে কিউবার দূতাবাস জানায়, রাষ্ট্রদূত নিয়োগের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া আরও অগ্রসর হলো।
দীর্ঘ পাঁচ দশকের বিচ্ছিন্নতার পর গত জুলাইয়ে কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আনুষ্ঠানিকভাবে পুনঃ প্রতিষ্ঠিত হয়। এর আগে কয়েক দফা দুই দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদল আলোচনা করে। এর ধারাবাহিকতায় গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠায় সম্মত হন।
এদিকে যুক্তরাষ্ট্র গতকাল শুক্রবার মার্কিন কোম্পানিগুলোর ওপর থেকে কিউবার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ভ্রমণ সহজতর করার লক্ষ্যে বিধির কথা ঘোষণা করা হয়েছে।