অর্ধেক বন্য প্রাণী ধ্বংস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৪০ বছরে বিশ্বের বন্য প্রাণীর সংখ্যা প্রায় অর্ধেক কমে গেছে। বন, নদী ও সাগর সব জায়গার বিপুলসংখ্যক প্রাণীই মানুষের নির্বিচার ভোগ আর পরিবেশ ধ্বংসের কারণে ধ্বংস হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ) এবং জুওলজিক্যাল সোসাইটি অব লন্ডনের (জেডএসএল) যৌথ একটি গবেষণায় এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। খবর গার্ডিয়ানের।
গবেষণাটিতে দেখা গেছে, উন্নত দেশের তুলনায় উন্নয়নশীল দেশে বন্য প্রাণী বেশি ধ্বংস হয়েছে। আর এর কারণ হিসেবে উন্নত দেশের মানুষের তীব্র ভোগস্পৃহাকে দায়ী করা হয়েছে।
ডব্লিউডব্লিউএফের কর্মকর্তা মাউক ব্যারাট বলেন, ‘মানুষের অতি ভোগের কারণে আমরা অর্ধেক প্রাণী হারিয়েছি। এর বিরুদ্ধে সজাগ হওয়ার এখনই সময়।’ তিনি বলেন, পৃথিবীতে এখন যেসব বন্য প্রাণী অবশিষ্ট আছে, সেগুলোকে উন্নয়ন কর্মকাণ্ড ও বন ধ্বংসের মাধ্যমে বিলুপ্ত হওয়ার হাত থেকে বাঁচাতে হবে। খাদ্য ও জ্বালানির উৎপাদনও টেকসইভাবে করতে হবে।
তিন হাজার প্রজাতির ১০ হাজার বন্য প্রাণী, মাছ ও পাখির ওপর গবেষণাটি পরিচালিত হয়। গবেষণা থেকে জীবন্ত প্রাণিকুলের একটি তালিকা (লিভিং প্ল্যানেট ইনডেক্স-এলপিআই) তৈরি করা হয়। যেখানে পরিচিত ৪৫ হাজার প্রাণীর অবস্থা তুলে ধরা হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, মানুষের ভোগের ধারা মেটাতে বর্তমানের চেয়ে দেড় গুণ বড় পৃথিবী দরকার। যুক্তরাষ্ট্রের ভোগের স্পৃহা মেটাতে দরকার পৃথিবীর মতো আরও চারটি গ্রহ। যুক্তরাজ্যের ভোগস্পৃহা মেটাতে আড়াই গুণ বড় পৃথিবীর প্রয়োজন।
মিঠাপানির প্রাণিকুলের ধ্বংসের হার সবচেয়ে বেশি।
গবেষণায় বলা হচ্ছে, গত শতকে পৃথিবীর জনসংখ্যা চার গুণ বাড়লেও পানির ব্যবহার বেড়েছে সাত গুণ।
১৯৭০ সাল থেকে এ পর্যন্ত বন্য প্রাণীর সংখ্যা কমেছে ৪০ শতাংশ। মধ্য আফ্রিকার হাতি, বাংলাদেশের উল্লুক বা ইউরোপের তৃণভূমির সাপ—এদের সংখ্যা এবং আবাস উভয়েই চরম হুমকির মুখে।