অর্ধেক সম্পদ বিলিয়ে দেবেন মোটসেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার শীর্ষ ধনকুবের ও খনি ব্যবসায়ী প্যাট্রিস মোটসেপ তাঁর অর্ধেক সম্পদ দরিদ্র জনগোষ্ঠীর সেবায় বিলিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। গত বুধবার তিনি এই ঘোষণা দেন।বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকীর তথ্যমতে, দক্ষিণ আফ্রিকার প্রথম ও কৃষ্ণাঙ্গদের মধ্যে একমাত্র শতকোটি ডলারের মালিক মোটসেপ। তাঁর বর্তমান সম্পদের পরিমাণ ২৬৫ কোটি মার্কিন ডলার।মোটসেপ ‘আফ্রিকান রেইনবো মিনারেলস’ এর প্রতিষ্ঠাতা। এটি সোনা, প্লাটিনাম, কয়লাসহ অন্যান্য খনিজ সম্পদ উত্তোলন করে। প্রিটোরিয়াভিত্তিক একটি ফুটবল ক্লাবেরও মালিকানা রয়েছে মোটসেপের।মোটসেপ এক বিবৃতিতে জানান, বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস ও ওয়ারেন বাফেটের কাজে অনুপ্রাণিত হয়ে নিজের অর্ধেক সম্পদ বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই সম্পদ ‘মোটসেপ ফাউন্ডেশনের’ মাধ্যমে দরিদ্র লোকদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে ব্যয় করা হবে। মোটসেপ বলেন, ‘আমি কিছুদিন আগেই আমাদের পরিবারের অর্জিত সম্পদের অর্ধেক দরিদ্র ব্যক্তিদের জীবনমানের উন্নয়নে ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছি।’‘উবুনটু’ নামের আফ্রিকার একটি প্রচলিত বিশ্বাস দ্বারাও অনুপ্রাণিত হয়েছেন মোটসেপ। ‘উবুনটু’ এর অর্থ ‘আমি যা, তা তোমার জন্যই’। অর্থাৎ, কোনো ব্যক্তির পরিপূর্ণভাবে উদ্ভাসিত হওয়ার জন্য অন্যের সাহায্য দরকার।এ প্রসঙ্গে মোটসেপ বলেন, ‘দক্ষিণ আফ্রিকানরা যত্নবান, সমব্যথী ও স্নেহময়ী। সমাজের ভাগ্যবিড়ম্বিত ও প্রান্তিক মানুষকে সাহায্য করাই আমাদের সংস্কৃতি ও প্রথার অংশ। উবুনটু আমাদের সেই আদর্শের কথাই বলে।’৫১ বছর বয়সী মোটসেপ আরও জানিয়েছেন, তিনি বিল ও ওয়ারেনের গড়া ‘দ্য গিভিং প্লেজ’ নামের সংগঠনেও যোগ দিতে যাচ্ছেন। এ পর্যন্ত সংগঠনটিতে বিশ্বের অন্যতম ৭০ জন ধনী যোগ দিয়েছেন। সংগঠনটি কোটিপতিদের অর্জিত বেশির ভাগ সম্পদ জনকল্যাণে ব্যয় করানোর বিষয়ে অঙ্গীকার করিয়ে থাকে।মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস মোটসেপের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। বিবিসি।