অলৌকিক কিছু করে পরিবর্তন আনতে পারবেন না সু চি
মিয়ানমারের জনগণ অং সান সু চিকে দেশটির উন্নত ভবিষ্যতের কারিগর হিসেবে ধরে নিয়েছেন। দীর্ঘদিন গৃহবন্দী থাকা সু চি তাঁদের আশা-আকাঙ্ক্ষা ও ইতিবাচক পরিবর্তনের প্রতীকে পরিণত হয়েছেন। এ মন্তব্য বিশ্লেষকদের।বিশ্লেষকেরা সু চির ওপর জনগণের এই প্রত্যাশাকে অতিরিক্ত চাপ হিসেবে দেখছেন। তাঁরা সতর্ক করে বলেছেন, সু চি অলৌকিক কিছু করে মিয়ানমারের পরিবর্তন আনতে পারবেন না।জান্তা সু চির দল এনএলডি ভেঙে দিলে দলটির অনেক নেতা ন্যাশনাল ডেমোক্রেটিক ফোর্স নামের একটি দল গঠন করেন। তবে তাঁরা সু চিকেই তাঁদের নেতা মনে করেন। ওই দলের নেতা খিন মাউং বলেন, সু চি শুধু এনএলডির নেতা নন, মিয়ানমারের জনগণের গণতান্ত্রিক নেতা।দীর্ঘদিন ধরে নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন সু চি। থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারবিষয়ক বিশ্লেষক অং নাইং ওও বলেন, সু চির ওপর জনগণ ও সমর্থকদের প্রত্যাশার অনেক চাপ। কিন্তু তিনি অলৌকিক কোনো কর্মী নন যে, সব প্রত্যাশা পূরণ করবেন। নাইং বলেন, সু চিকে বাস্তববাদী ও ধৈর্যশীল হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানাতে হবে। কারণ, গণতন্ত্র এমন একটি প্রক্রিয়া, মিয়ানমারে এটি হঠাৎ করে আসবে না।মিয়ানমারে নিযুক্ত অস্ট্রেলিয়ার সাবেক রাষ্ট্রদূত ট্রেভর উইলসন বলেন, সু চির প্রধান কাজ হওয়া উচিত তাঁর দল এনএলডিকে পুনর্গঠিত করা, যাতে পরবর্তী নির্বাচনে এনএলডি ক্ষমতায় যেতে পারে। ক্ষমতায় যেতে পারলে তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে পারবেন। এএফপি।