অল্পের জন্য রক্ষা

৩৪ ক্যারেটের সেই হীরা
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের এক নারীর গয়নার বাক্সে নানা ধরনের শখের গয়না জমে ছিল। পরা হয় না অনেক দিন। ফেলে দিতে চেয়েছিলেন পুরোনো কিছু গয়না। এসবের মধ্যে ছিল বড় আকারের একটি পাথর। সেটা ময়লার বাক্সে ছুড়ে ফেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু কী মনে করে রেখে দেন গয়নার বাক্সেই। পরে প্রতিবেশীর পরামর্শে পাথরটি নিয়ে যান নিলামঘরে। নিলামঘর কর্তৃপক্ষ পরীক্ষা–নিরীক্ষা করে জানায় সেই পাথর আসলে হীরার টুকরা, যার দাম প্রায় ২০ লাখ পাউন্ড (প্রায় ২৩ কোটি ৩৪ লাখ টাকা)!

ঘটনাটি যুক্তরাজ্যের উত্তর–পূর্বাঞ্চলের নর্থ শিল্ডস শহরের। ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর বয়স এখন সত্তরের কোটায়। এই ঘটনার পর সংবাদমাধ্যমে নাম–পরিচয় প্রকাশ করতে চাননি তিনি। অনেক বছর আগে অল্প দামে তিনি ওই রত্নপাথর কেনেন। ঘুণাক্ষরেও জানতেন না, এটি একটি দামি হীরার টুকরা। সাধারণ পাথর মনে করে এত দিন নিজের কাছে রেখেছেন। মাঝে ফেলে দিতে চেয়েছিলেন। তবে এক প্রতিবেশী পরামর্শ দিয়েছিলেন, ফেলে দেওয়ার আগে একবার এটির মূল্য পরীক্ষা করে দেখতে।

পরামর্শ মেনে ওই নারী পাথরটি ফিটনবি’স নিলামঘরে দেন। যদিও তিনি এটিকে সাধারণ একটি পাথর মনে করতেন। এদিকে নিলামে তোলার আগে প্রতিষ্ঠানটিও পাথরটি পরীক্ষা করে দেখে। তখনই জানা যায়, সেটি আসলে ৩৪ দশমিক ১৯ ক্যারেটের একটি মসৃণ হীরা, যার বাজারমূল্য প্রায় ২০ লাখ পাউন্ড। প্রতিষ্ঠানটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই হীরার একটি ছবি প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হীরাটি আকারে একটি এক পাউন্ডের কয়েনের চেয়ে বড়।