অল্পের জন্য রক্ষা পেলেন মোশাররফ

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ শক্তিশালী একটি বোমা হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আজ বৃহস্পতিবার দেশটির ইসলামাবাদের ফাইজাবাদ ব্রিজ দিয়ে মোশাররফকে বহনকারী গাড়ি যাওয়ার মাত্র ২০ মিনিট আগে শক্তিশালী একটি বিস্ফোরণ হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গত ২ জানুয়ারি থেকে রাওয়ালপিন্ডির আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব কার্ডিওলজি হাসপাতালে ছিলেন মোশাররফ। আজ সকালে ওই হাসপাতাল থেকে তাঁকে ইসলামাবাদের অদূরে চক শাহাজাদে নিজের খামারবাড়িতে নেওয়া হচ্ছিল। ফাইজাবাদ ব্রিজ দিয়ে মোশাররফের যাওয়ার কথা ছিল। ঘটনাস্থলে পৌঁছার ২০ মিনিট আগে ওই ব্রিজের নিচে আগে থেকেই রাখা শক্তিশালী একটি বোমা বিস্ফোরিত হয়। এরপর বিকল্প পথে তাঁকে নিরাপদে তাঁর খামারবাড়িতে নিয়ে যাওয়া হয়।
মোশাররফকে লক্ষ্য করেই এ হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, ব্রিজটির নিচে একটি পাইপলাইনের ভেতরে প্রায় চার কিলোগ্রাম বিস্ফোরক রাখা হয়েছিল।
গত সোমবার পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করেছেন পাকিস্তানের বিশেষ আদালত।