পশ্চিমবঙ্গের মাওবাদী প্রভাবিত লালগড় থানার নেতাই গ্রামে সাধারণ গ্রামবাসীদের ওপর শুক্রবারের গুলিবর্ষণের ঘটনায় গোটা পশ্চিমবঙ্গ উত্তপ্ত হয়ে পড়েছে। ওই ঘটনার প্রতিবাদে কংগ্রেস মেদিনীপুরে গতকাল শনিবার বন্ধ্ পালন করেছে। নিহত পাঁজনের লাশ নিয়ে মিছিল করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে সিপিএমের ক্যাডাররা ওই গুলিবর্ষণ করেছে। সিপিএম বলেছে, তাদের দলীয় এক সমাবেশে মাওবাদীরা অতর্কিত হামলা চালিয়েছে।তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে দ্বিতীয় নন্দীগ্রামের ঘটনা হিসেবে চিহ্নিত করে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ দাবি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে দিল্লিতে তলব করেছেন। রাজ্যের স্বরাষ্ট্রসচিব জ্ঞানদত্ত গৌতম গতকাল শনিবার রাজ্য সচিবালয় মহাকরণে বলেছেন, এ পর্যন্ত পুলিশ ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে। লালগড়ের শুক্রবারের ঘটনার জেরে গতকাল কংগ্রেসের ডাকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ১২ ঘণ্টার বন্ধ্ পালিত হয়েছে।