অসম্ভব বলে কিছু নেই
অদম্য আগ্রহের কাছে অসম্ভব বলে কিছু নেই। যুগে যুগে তা প্রমাণ করেছেন অনেকেই। এবার তা আরেকবার প্রমাণ করলেন চীনা নাগরিক হি ইউলিন। দুই হাত নেই, তবু দিব্যি গাড়ি চালাচ্ছেন তিনি। চীনাদের কাছে তিনি ‘হস্তবিহীন চালক রাজা’ হিসেবে পরিচিত। ইউলিন (৪৯) চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উনান প্রদেশের লিজিয়াং শহরের বাসিন্দা। মাত্র নয় বছর বয়সে বোমা বিস্ফোরণে দুই হাত হারান তিনি। এরপর হাত ছাড়াই ট্রাক চালানোয় দক্ষতা অর্জন করেন। ১৯৮৪ সাল থেকে তিনি ট্রাক চালাচ্ছেন। টেলিভিশন চ্যানেলগুলো তাঁকে নিয়ে বেশ কয়েকটি অনুষ্ঠানও করেছে। তবে তিনি এখন পর্যন্ত রাস্তায় ট্রাক চালানোর অনুমতি পাননি।ট্রাক চালনার দক্ষতা প্রমাণের জন্য ইউলিন এরই মধ্যে একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ২০০২ সালে দুর্গম পাহাড়ি পথে ট্রাক চালিয়ে তিনি তো রীতিমতো হইচই ফেলে দেন। তাঁর এ কীর্তি চীনা টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার করে। দেশজুড়ে তিনি পরিচিতি লাভ করেন। কিন্তু এত কিছুর পরও স্থানীয় ট্রাফিক পুলিশ বিভাগ তাঁকে রাস্তায় ট্রাক চালানোর অনুমতি দেয়নি।রাস্তায় ট্রাক চালানোর অনুমতি না পেয়ে হতাশ হয়েছেন ইউলিন। তিনি বলেছেন, ‘ট্রাক চালিয়ে আমি জীবনে অনেক পুরস্কার পেয়েছি। তবু আমাকে অনুমতি দেওয়া হয়নি।’চীনে গত বছর গাড়ি চালনা আইন শিথিল করা হয়। নতুন এ আইনের আওতায় পঙ্গু লোকজনও গাড়ি চালাতে পারবে। কিন্তু এরপরও স্থানীয় পুলিশ ইউলিনকে ট্রাক চালনার জন্য অযোগ্য মনে করছে। তিনি এখন পুলিশের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছেন। শিগগিরই এ মামলা করা হবে বলে তিনি জানান।ইউলিন অভিযোগ করেন, পঙ্গু লোকজনকে গাড়ি চালানোর অনুমতি দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। বাস্তবতা হচ্ছে, পঙ্গু লোকজনও নিরাপদে গাড়ি চালাতে পারে। তিনি বলেন, গাড়ি চালানোর সময় পঙ্গু লোকজন সতর্ক থাকেন বেশি। কেননা তাঁরা নতুন করে শরীরের আর কোনো ক্ষতি চান না।