অসলোতে সু চির নোবেল ভাষণ ১৬ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি আগামী ১৬ জুন নরওয়ের রাজধানী অসলোতে ভাষণ দিতে যাবেন। ১৯৯১ সালে দেওয়া নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে তিনি সেখানে যাবেন। গতকাল সোমবার নোবেল কমিটি বিষয়টি নিশ্চিত করে বলেছে, সু চির এই সফর হবে গত ২৪ বছরে মিয়ানমারের বাইরে প্রথম সফর।নোবেল কমিটির মুখপাত্র সিগরিড ল্যাঙ্গেব্রেকে বলেন, ‘সু চি ১৫ জুন অসলোতে এসে পৌঁছাবেন। পরদিন ১৬ জুন স্থানীয় সময় বেলা একটায় অসলো সিটি হলে তিনি ভাষণ দেবেন।’ তিনি আরও বলেন, ২০১০ সালে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর প্রথম সফরের অংশ হিসেবেই সু চি এখানে ভাষণ দেবেন। অসলো সফরকালে তাঁর নরওয়ের প্রধানমন্ত্রী জেনস স্টোলটেনবার্গ ও পররাষ্ট্রমন্ত্রী জোনাস গারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।গত মাসে ৬৬ বছর বয়সী সু চি নিশ্চিত করেছিলেন, ১৯৮৮ সালের পর এই প্রথমবারের মতো তিনি মিয়ানমার থেকে নরওয়ে ও ব্রিটেন সফরে যাওয়ার পরিকল্পনা করছেন। এ কারণেই প্রায় দুই দশক পর ৮ মে নতুন করে পাসপোর্ট করিয়েছেন তিনি। অং সান সু চি বলেন, ২১ বছর আগে গণতন্ত্র প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ সংগ্রামের জন্য নরওয়ে তাঁকে নোবেল শান্তি পুরস্কার দিয়েছে। এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে গ্রহণ ও তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তিনি নরওয়ে যাবেন। এএফপি।