সব নাগরিকের জীবন ও মত রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য সফরে গিয়ে ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, দেশের প্রতিটি নাগরিকের জীবন ও মতামতের স্বাধীনতা রক্ষায় তাঁর দেশ প্রতিশ্রুতিবদ্ধ। খবর হিন্দুস্তান টাইমসের।
তিন দিনের সফরে গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যে পৌঁছান মোদি। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন। সেই সংবাদ সম্মেলনে দুই ব্রিটিশ সাংবাদিক প্রশ্ন করেন, ভারতে দিন দিন কেন এত অসহিষ্ণুতা বাড়ছে। প্রশ্নের উত্তরে মোদি বলেন, ‘ভারতে যেখানেই যা কিছু ঘটুক না কেন, আমরা তা সহ্য করব না। সব ক্ষেত্রে কঠোরভাবে আইনের প্রয়োগ হবে।’
ভারতে শক্তিশালী গণতন্ত্র আছে—এ কথা স্মরণ করিয়ে দিয়ে মোদি বলেন, ‘ভারত গৌতম বুদ্ধ ও মহাত্মা গান্ধীর দেশ। আমাদের সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে যায়—এমন কোনো কিছুই আমরা গ্রাহ্য করব না।’
মোদির যুক্তরাজ্যে পৌঁছার আগেই ভারতের ‘ক্রমবর্ধমান অসহিষ্ণু পরিস্থিতির’ বিষয়টি তাঁর কাছে তুলে ধরতে ২০০ বিশিষ্ট ব্রিটিশ লেখক ক্যামেরনকে চিঠি দেন। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-এর খবরে বলা হয়, ওই লেখকেরা ‘ভারতে মৌলবাদী ধ্যানধারণার বিরোধিতাকারী লেখকদের বিরুদ্ধে বাড়তে থাকা অসহিষ্ণুতা ও সহিংসতায়’ উদ্বেগ জানান। চিঠিতে স্বাক্ষর করেন ভারতীয় বংশোদ্ভূত লেখক সালমান রুশদি, হরি কুঞ্জরু, নীল মুখার্জি, ডেভিড লজ প্রমুখ।