মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘অসাধারণ এক অর্জনের’ মধ্য দিয়ে ইরাক যুদ্ধ শেষ করছে যুক্তরাষ্ট্র। মার্কিনরা একটি ‘সার্বভৌম, স্থিতিশীল ও আত্মনির্ভর’ ইরাক রেখে যাচ্ছে।৩১ ডিসেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা চলে যাওয়ার কথা। এর অংশ হিসেবে গত বুধবার দেশে ফেরা মার্কিন সেনাদের উদ্দেশে গতকাল বুধবার বক্তৃতায় ওবামা এসব কথা বলেন।এদিকে ইরাকের রাজধানী বাগদাদে গতকাল বৃহস্পতিবার ইরাক যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে। নামিয়ে ফেলা হয়েছে মার্কিন সামরিক পতাকা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। এদিন উৎসব করেছে ইরাকিরাও। তারা মার্কিন পতাকা পুড়িয়ে উল্লাস করে।যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় আয়োজিত অনুষ্ঠানে মার্কিন সেনাদের উদ্দেশে ওবামা বলেন, ইরাক যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেক সেনা, যাঁরা যুদ্ধ করেছেন, হতাহত হয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন বা সহায়তা করেছেন—সবার সমন্বিত অবদানই আজকের এ সাফল্য, এই অর্জন। তিনি আরও বলেন, ইরাক যুদ্ধ অনেক বিতর্কের জন্ম দিয়েছিল। এখন সার্বভৌম ও স্থিতিশীল এক ইরাক গড়ে তোলা সম্ভব হয়েছে, যেখানে ইরাকি জনগণ নিজেদের নির্বাচিত সরকার পেয়েছে।ওবামা বলেন, একটি যুদ্ধ শুরু করার চেয়ে শেষ করা অনেক কঠিন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইতিহাসে অনন্যসাধারণ এক অধ্যায় শেষ হতে চলেছে। এখন ইরাকের জনগণের হাতেই দেশটির ক্ষমতা থাকছে।গতকাল বাগদাদে মার্কিন বাহিনীর সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের পতাকা নামিয়ে ফেলা হয়। মার্কিনদের ইরাক অভিযান শেষ করার এই আনুষ্ঠানিকতায় প্রতিরক্ষামন্ত্রী প্যানেট্টা, ইরাকে নিয়োজিত মার্কিন বাহিনীর প্রধান জেনারেল লিয়ড অস্টিন ও ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস জেফরি উপস্থিত ছিলেন। ইরাকিদের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির সেনাপ্রধান জেনারেল বাবাকের জেবারি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-আসকারি। এ মুহূর্তে ইরাকে চার হাজারের কিছু বেশি মার্কিন সেনা রয়েছে।ইরাক থেকে পুরোপুরি মার্কিন সেনা প্রত্যাহার করার কথা বলা হলেও অন্তত ১৬ হাজার মার্কিন বাগদাদ দূতাবাসে কাজ করবেন। তাঁদের বড় একটি অংশ নিরাপত্তাবিষয়ক ঠিকাদার। এ ছাড়া ২০০ জন মার্কিন সেনা থাকবেন, যাঁরা ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেবেন।বিশ্লেষকেরা বলছেন, এক ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় এবং প্রায় সাড়ে চার হাজার মার্কিন সেনা ও এক লাখের বেশি ইরাকি জনগণের জীবনহানির এ যুদ্ধ শেষে দেশটিকে অগ্নিগর্ভে রেখে চলে যাচ্ছেন মার্কিন সেনারা।২০০৩ সালের ২০ মার্চ ইরাকে হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট। ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী ব্যাপক অস্ত্র আছে, এই অভিযোগে দেশটিতে হামলা চালানো হয়। যদিও পরে সেই অস্ত্র খুঁজে পাওয়া যায়নি। ২০০৬ সালের ৩০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়। এএফপি।