অসুস্থ অ্যাসাঞ্জকে নিরাপদে সরাতে চায় ইকুয়েডর
সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইকুয়েডর। এ বিষয়ে যুক্তরাজ্যকে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছে ইকুয়েডর। ইকুয়েডরের উপপররাষ্ট্রমন্ত্রী মার্কো আলবুজা মার্টিনেজ এ কথা জানিয়েছেন।মার্কো আলবুজা গত মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোয় বলেন, ‘অ্যাসাঞ্জ লক্ষণীয়ভাবে রুগ্ণ হয়ে পড়ছেন। আমরা তাঁর স্বাস্থ্য নিয়ে বেশ উদ্বিগ্ন।’মার্টিনেজের এ উদ্ধৃতি প্রচার করেছে ভয়েস অব রাশিয়া রেডিও। মস্কোর ইকুয়েডর দূতাবাস এই মন্তব্যের সত্যতা নিশ্চিত করেছে।ইকুয়েডরের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি তিনি অসুস্থ হয়ে পড়েন, আমাদের কাছে দুটি বিকল্প আছে—অ্যাসাঞ্জকে দূতাবাসের মধ্যে চিকিৎসা দেওয়া অথবা তাঁকে হাসপাতালে ভর্তি করানো। এটা খুবই গুরুতর পরিস্থিতি এবং তা অ্যাসাঞ্জের মানবাধিকারকে প্রভাবিত করতে পারে।’অ্যাসাঞ্জ অসুস্থ হয়ে পড়লে লন্ডনে অবস্থিত ইকুয়েডর দূতাবাস থেকে তাঁকে যাতে নিরাপদে কোনো হাসপাতালে নেওয়া যায়, ব্রিটেনের কাছে সে নিশ্চয়তা চাওয়া হয়েছে বলে খবরে বলা হয়েছে। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইকুয়েডরের এ মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।যৌন হয়রানির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সুইডেন সরকারের অনুরোধে ২০১০ সালের ডিসেম্বরে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে লন্ডন পুলিশ। ব্রিটেনের সর্বোচ্চ আদালত অ্যাসাঞ্জকে সুইডেনে হস্তান্তরের পক্ষে রায় দেন। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের জুনে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। এএফপি ও রয়টার্স।