অস্ট্রিয়া আফগানিস্তানকে এক কোটি ৮০ লাখ ইউরো দেবে
আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর দেশটির পুলিশ বাহিনীর প্রশিক্ষণের জন্য এক কোটি ৮০ লাখ ইউরো দেবে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওলফগ্যাং ওয়াল্ডনার এক বিবৃতিতে এ কথা জানান।আজ রোববার যুক্তরাষ্ট্রের শিকাগোয় সামরিক জোট ন্যাটোর নেতারা দুই দিনের বৈঠকে বসছেন। বৈঠকে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার ও দেশটির নিরাপত্তাব্যবস্থা আফগান বাহিনীর হাতে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হবে। এই বৈঠকের এক দিন আগে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়াল্ডনার এ কথা জানান। অস্ট্রিয়া ন্যাটোর সদস্য নয়। তার পরও ওই সম্মেলনে অস্ট্রিয়ার উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল যোগ দিচ্ছে।এক বিবৃতিতে ওয়াল্ডনার জানান, ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত সমান কিস্তিতে ওই অর্থ দেওয়া হবে। এটা দেওয়া হবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আফগানিস্তান আইনশৃঙ্খলা ট্রাস্ট ফান্ডের আওতায়।ন্যাটোর ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার কথা। তবে ফ্রান্স চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে তার সেনা প্রত্যাহারের কথা পুনর্ব্যক্ত করেছে। এএফপি।