অস্ট্রিয়ার সাবেক মন্ত্রীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ
অস্ট্রিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য (এমইপি) আর্নস্ট স্ট্রসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। রক্ষণশীল অস্ট্রিয়ান পিপলস পার্টির সদস্য স্ট্রসারসহ চারজন এমইপি গত বছর ঘুষ নেন বলে অভিযোগ আনা হয়।স্ট্রসার নগদ অর্থের বিনিময়ে ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাবিত একটি আইন সংশোধনে সমর্থন দিতে রাজি হয়েছেন বলে যুক্তরাজ্যের সানডে টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়। এ অভিযোগ ওঠার পর স্ট্রসার গত বছরের মার্চে পদত্যাগ করেন। তবে তিনি ওই অপরাধে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।পাঁচটি দেশে ৯০ জনকে জিজ্ঞাসাবাদ, বাড়ি বাড়ি তল্লাশি, ব্যাংক হিসাব যাচাইসহ বিভিন্ন বিষয়ে ১৫ মাসব্যাপী তদন্তের পর স্ট্রসারের বিরুদ্ধে ওই দুর্নীতির অভিযোগ আনা হয়। এই মামলায় দোষী সাব্যস্ত হলে তাঁর ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অন্য যে তিন এমইপির বিরুদ্ধে ওই কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাঁরা হলেন স্লোভেনিয়ার জোরান থালের, রোমানিয়ার আদ্রিয়ান সেভেরিন ও স্পেনের পেদ্রো জালবা। জোরান থালের পদত্যাগ করেছেন। আদ্রিয়ান সেভেরিনকে রোমানিয়ার মধ্য বামপন্থী সমাজতন্ত্রী ও গণতান্ত্রিক জোট থেকে বরখাস্ত করা হলেও তিনি স্বতন্ত্র এমইপি হিসেবে বহাল রয়েছেন। আর স্পেনের মধ্য ডানপন্থী পপুলার পার্টির এমইপি পেদ্রো জালবা দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।অস্ট্রিয়ার সংবাদমাধ্যম জানায়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুর্নীতি দমন বিভাগ এখনো স্ট্রসারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চালিয়ে যাচ্ছে। ইইউর পার্লামেন্টে আইন প্রণয়ন প্রভাবিত করার বিনিময়ে তিনি বছরে এক লাখ ২৯ হাজার ডলার ঘুষ দাবি করেছিলেন বলে অস্ট্রিয়ার আইনজীবীরা অভিযোগ করেন। বিবিসি।