অস্ট্রেলিয়ায় বন্দিশিবিরে সহিংস বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ডের একটি বন্দিশিবিরে সহিংস বিক্ষোভ হয়েছে। সেখানকার কর্মকর্তারা গতকাল সোমবার স্বীকার করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। খবর এএফপির।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, ক্ষুব্ধ কয়েদিরা কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দেন এবং ভাঙচুর করেন। এ হামলার সময় তাঁরা অস্ত্র হিসেবে বেসবল খেলার ব্যাট ব্যবহার করেন। অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী এক ব্যক্তি ওই বন্দিশিবির থেকে পালিয়ে গিয়ে মারা যান। তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট নয়। এ ঘটনার জেরেই গতকালের দাঙ্গার সূত্রপাত হয়। কর্তৃপক্ষের আচরণ নিয়ে বন্দীদের মধ্যে অসন্তোষ রয়েছে।
ক্রিসমাস আইল্যান্ড দ্বীপের অবস্থান ভারত মহাসাগরে। সেখানে বর্তমানে ২০৩ জন আটক রয়েছেন। তাঁদের মধ্যে যাঁরা অস্ট্রেলিয়ায় আশ্রয় চেয়েছেন, তাঁদের আবেদন যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলছে। আর বাকি বিদেশি নাগরিকেরা ফৌজদারি মামলায় সাজা ভোগ করছেন।
অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী পিটার ডাটন গতকাল বিকেলে স্কাই নিউজকে বলেন, বন্দিশিবিরে শৃঙ্খলা বা নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তবে কেউ আহত হননি, সীমানাবেষ্টনীর কোনো ক্ষতি হয়নি এবং কেউ পালানোরও চেষ্টা করেনি।
ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তার স্বার্থে কর্মীদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার অভিবাসন ও সীমান্ত সুরক্ষা দপ্তর ওই ঘটনাকে ‘বড় ধরনের বিশৃঙ্খলা’ আখ্যা দিলেও সেখানে মারাত্মক দাঙ্গা হয়েছে বলে স্বীকার করেনি। কর্তৃপক্ষের অভিযোগ, একদল বন্দী সেখানে ধ্বংসাত্মক উত্তেজনা ছড়িয়েছে। সম্ভবত তাঁদের ভিসা বাতিল হয়েছে।
বন্দিশিবিরের কতজন কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে, সেই সংখ্যা জানাতে রাজি হয়নি সরকার। ফাজেল চেগেনি নামের কুর্দি বংশোদ্ভূত একজন ইরানি আশ্রয়প্রার্থীর লাশ পাওয়ার পর বন্দীরা গত রোববার শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। একপর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। ওই মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। কর্তৃপক্ষের অভিযোগ, পরিস্থিতির সুযোগ নিয়ে বন্দীরা সম্পত্তি ধ্বংস করা ও বিশৃঙ্খলা সৃষ্টির পথ বেছে নেন।
অস্ট্রেলিয়ার অভিবাসননীতি খুব কড়া। নৌপথে কেউ দেশটির মূল ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করলে তাঁকে আটক করে বিচ্ছিন্ন দ্বীপের কোনো বন্দিশিবিরে পাঠিয়ে দেওয়া হয়। কোনো আশ্রয়প্রার্থীর আবেদনপত্র বাতিল হয়ে গেলে তাঁকে ওই বন্দিশিবির থেকেই নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত যেসব বিদেশির ভিসা বাতিল হয়, তাঁদেরও একই ধরনের বন্দিশিবিরে পাঠানো হয়।