অস্ট্রেলিয়ায় লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলবোর্নে বিক্ষোভ সমাবেশ
ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের কারণে দেশজুড়ে চলা লকডাউনের বিরোধিতা করে বিক্ষোভ সমাবেশ করেন শত শত মানুষ। আর সমাবেশ বানচাল করতে প্রস্তুত থাকা দেশটির পুলিশ সদস্যরা সমাবেশ থেকে তিন শতাধিক বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করেন। দেশটির বিভিন্ন রাজ্যে এ বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়। এর মধ্যে সবচেয়ে বড় সমাবেশ ছিল দেশটির ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নে কড়া লকডাউনে থাকা মানুষজনের।

বিক্ষোভকারীদের একজনকে আটক করেছে পুলিশ
ছবি: রয়টার্স

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিন শতাধিক বিক্ষোভকারী মেলবোর্ন শহরের প্রাণকেন্দ্র শ্রাইন অব রেমেমব্রেন্স থেকে আলবার্ট পার্ক লেকে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। নিষিদ্ধ অবস্থায় মেলবোর্নে সমাবেশ করার দায়ে কমপক্ষে ১৭ জনকে আটক করে পুলিশ। এর মধ্যে একজনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগও রয়েছে।
এদিকে সিডনির হাইড পার্ক ও অলিম্পিক পার্কে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকেও বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। একই ঘটনা ঘটে ব্রিসবেনের বোটানিক গার্ডেনে, যেখানে শখানেক বিক্ষোভকারীর জমায়েত ঘটে। প্রায় ২০০ বিক্ষোভকারী সমাবেশ করেন অ্যাডিলেডে। পার্থেও সমাবেশ আয়োজিত হয়, তবে কোনো আটকের ঘটনা ঘটেনি। দেশটিতে বর্তমানে ২৬ হাজার ২০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রয়েছেন এবং গত ১৪ দিনে সাড়ে সাত শতাধিক আক্রান্ত হয়ে মারা গেছেন।