অস্ট্রেলিয়ায় সন্ত্রাসবাদে জড়িত অভিযোগে কিশোর গ্রেপ্তার
অস্ট্রেলিয়ায় ‘সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত’ থাকার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই কিশোরের কার্যক্রম সম্পর্কে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় সে পুলিশকে হুমকি দেয় বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
গতকাল গ্রেপ্তার হওয়া ওই কিশোর এবং গত শুক্রবার সিডনির পুলিশ সদর দপ্তরের বাইরে পুলিশের এক কর্মীকে হত্যার পর পুলিশের গুলিতে নিহত কিশোর ফরহাদ খলিল মোহাম্মদ জাবার (১৫) একই হাইস্কুলের শিক্ষার্থী। গত শুক্রবারের হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ফরহাদের প্রশংসা করে ওই কিশোর মন্তব্য করেছিল, পুলিশকে নরকে পোড়ানো উচিত।
পুলিশ গতকাল গ্রেপ্তার কিশোরের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানায়নি। ওই কিশোরের কার্যক্রম ও পুলিশকে হুমকি দেওয়ার ঘটনা সম্পর্কে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, এটা ‘সন্ত্রাসবাদীদের কাজ বলে মনে হচ্ছে’। প্রধানমন্ত্রী টার্নবুল গতকাল দেশটির মুসলিম নেতাদের প্রতি সহিংস কট্টরপন্থার বিরুদ্ধে আরও কথা বলার আহ্বান জানিয়েছেন।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের খবরে বলা হয়, সে পুলিশকে ‘নরকে পোড়ানো উচিত’ বলে ফেসবুকে মন্তব্য করে বলে অভিযোগ রয়েছে।
অস্ট্রেলিয়ায় কট্টর মুসলিম তরুণদের সহিংস তৎপরতা ধীরে ধীরে বাড়ছে বলে মনে করছে কর্তৃপক্ষ। এ পরিস্থিতি মোকাবিলার চেষ্টার পাশাপাশি কর্তৃপক্ষ সিরিয়ায় গিয়ে ইসলামি জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে তরুণদের অংশগ্রহণ বন্ধ করার উদ্যোগও নিয়েছে।
সন্ত্রাসী হামলার আশঙ্কায় অস্ট্রেলিয়ায় গত বছর থেকে কঠোর সতর্কতা অবলম্বন করছে।