অস্ট্রেলিয়ায় হত্যায় জড়িত কিশোর 'সন্ত্রাসবাদে যুক্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় গত শুক্রবার পুলিশ কর্মীকে গুলি করে হত্যা করা কিশোর সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত ছিল বলে মনে করছে দেশটির পুলিশ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলও গতকাল শনিবার বলেছেন, ঘটনাটি ‘একটি সন্ত্রাসবাদী কাজ’। খবর এএফপি ও বিবিসির।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনি শহরে শুক্রবার পুলিশের ওই কর্মীকে গুলি করে হত্যা করে ১৫ বছর বয়সী ওই কিশোর। নিহত কার্টিস চেং ১৭ বছর ধরে রাজ্য পুলিশের অর্থ বিভাগে কর্মরত ছিলেন। নিজের অফিসের বাইরে হত্যা করা হয় তাঁকে।
ঘটনার পর বন্দুকধারী ওই কিশোরও পুলিশের গুলিতে নিহত হয়। তার নাম প্রকাশ না করা হলেও সে ইরাকি-কুর্দি বলে জানানো হয়েছে। ইরানে জন্ম নেওয়া ওই কিশোর ঘটনার সময় ধর্মীয় স্লোগান দিয়েছিল বলে কিছু খবরে বলা হচ্ছে।
নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার অ্যান্ড্রু সিপিওনে গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করছি, তার কাজ ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কাজেই এটা সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট।’ কমিশনার বলেন, হত্যাকারীর আসল উদ্দেশ্য এখনো পুলিশের কাছে রহস্য রয়ে গেছে। কারণ, সে একাই এ কাজ করেছে বলে মনে হচ্ছে।
এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুলও গতকাল মেলবোর্নে সাংবাদিকদের বলেন, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কাজ বলে মনে হয়েছে। সুতরাং, এই পর্যায়ে এটা একটা সন্ত্রাসবাদী কাজ বলেই মনে হচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, এ ঘটনা এই বিষয়টিই সামনে এনেছে যে তরুণেরা প্রতিক্রিয়াশীল হয়ে পড়ছে কি না, সে বিষয়ে পরিবার, সম্প্রদায় ও নেতাদের খুবই সজাগ থাকতে হবে।
যুক্তরাজ্যে কিশোরের যাবজ্জীবন: পৃথক ঘটনায় গত শুক্রবার যুক্তরাজ্যে ১৫ বছরের এক কিশোরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে পুলিশ কর্মকর্তাদের ‘শিরশ্ছেদ করে’ হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার দায়ে তাকে এ সাজা দেওয়া হয়। ব্ল্যাকবার্ন শহরের ওই কিশোর অনলাইনে সন্দেহভাজন অস্ট্রেলীয় জিহাদিদের কাছে ‘হাজার হাজার বার্তা’ পাঠিয়েছিল। তাকে অন্তত পাঁচ বছর কারাগারে থাকতে হবে। বিপজ্জনক নয়, এমন মনে করা হলেই কেবল পাঁচ বছর পর তাকে মুক্তি দেওয়া হতে পারে।