অস্ট্রেলিয়ার নির্বাচনে জয়ের সম্ভাবনা দেখছেন অ্যাসাঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন তথ্য ফাঁসকারী বহুল আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নির্বাচনে তাঁর জয়ের জোরালো সম্ভাবনা রয়েছে বলে গতকাল মঙ্গলবার মন্তব্য করেছেন। দুর্নীতিসংক্রান্ত গোপন তথ্য ফাঁস করে দেওয়ার জন্য তিনি দেশটির আইনপ্রণেতাদের সহায়তার আশ্বাস দিয়েছেন। অ্যাসাঞ্জ পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনে উইকিলিকস পার্টির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন। দলটির আরও ছয় প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ সেপ্টেম্বর। অস্ট্রেলিয়ার এসবিএস টেলিভিশনে এক সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ বলেন, বিভিন্ন জনমত জরিপের তথ্য অনুযায়ী তাঁর পক্ষে ২৫ থেকে ২৮ শতাংশ ভোট পড়বে। এর মধ্যে ক্ষমতাসীন দল অস্ট্রেলিয়ান লেবার পার্টির (এএলপি) নিজস্ব প্রতিষ্ঠানের জরিপও রয়েছে।
অ্যাসাঞ্জের দল অভিবাসন, কর ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে অস্ট্রেলিয়ার সরকারের কর্মকাণ্ডের স্বাধীন পর্যবেক্ষকের ভূমিকা পালন করবে বলে অঙ্গীকার করেছে। অ্যাসাঞ্জ বলেন, আইনপ্রণেতাদের সাহায্যে সরকার ও রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ দুর্নীতির তথ্য ফাঁস করাই হবে তাঁর দলের লক্ষ্য। সম্ভাব্য গ্রেপ্তার এবং সুইডেনে প্রত্যর্পণ এড়াতে অ্যাসাঞ্জ এক বছরের বেশি সময় ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন। যৌন হয়রানির অভিযোগে সুইডেনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। বিপুলসংখ্যক মার্কিন কূটনৈতিক তারবার্তা ফাঁস করার অভিযোগে যুক্তরাষ্ট্রও অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি করতে চায়। এএফপি।