অস্ট্রেলিয়ার রাজ্য নির্বাচনে লেবার পার্টির জয়

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে শুরু হয়েছে নির্বাচন। গত ২৪ নভেম্বর শুরু হওয়া এই নির্বাচনের পূর্ণ ফলাফল ঘোষণা হওয়ার আগেই জয় নিশ্চিত করেছে দেশটির বিরোধী দল লেবার পার্টির।
ভিক্টোরিয়া রাজ্য সরকার গঠন করতে মোট ৮৮ টি আসনের মধ্যে কোনো দলের ৪৫টি আসনে জয় প্রয়োজন। নির্বাচনে এখন পর্যন্ত ৫২ টি আসনে জয়লাভ করেছে লেবার পার্টি। ভিক্টোরিয়া রাজ্যে দেশটির বর্তমান জোট সরকারের লিবারেল ও ন্যাশনাল পার্টির একত্রে জয় এসেছে ২৪টি আসনে। আরও দুটি আসনে জয় রয়েছে অন্যান্য দলের। আরও ১০টি আসনের ভোট গণনা চলছে। রাজ্যের বর্তমান প্রিমিয়ার (মুখ্যমন্ত্রী) লেবার নেতা ড্যানিয়েল অ্যান্ড্রুস ইতিমধ্যেই জয় উদযাপন করছেন।
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় দুটি রাজ্যের একটি ভিক্টোরিয়া। কোন দল আসবে ক্ষমতায় এই রাজ্যের নির্বাচনে এমনটা অনুমান করা সব সময়ই বেশ মুশকিল। ১৯২৪ থেকে ১৯৫৫ সালের মধ্যে কোনো দল পরপর দুবার নির্বাচনে জেতেনি। এরপর কখনো লিবারেল আবার কখনো লেবার দল অপ্রত্যাশিত জয়ে ক্ষমতায় এসেছে।
ভিক্টোরিয়া রাজ্যে ড্যানিয়েল অ্যান্ড্রুস ২০১৪ সালের নির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়। এবারও তিনিই মুখ্যমন্ত্রী হচ্ছেন। অস্ট্রেলিয়ার আরেকটি রাজ্য নিউ সাউথ ওয়েলস এ নির্বাচন হবে আগামী বছরের মার্চে। দেশটির জাতীয় নির্বাচন আগামী বছরের মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।