অস্ট্রেলিয়ার ২০ হাজার নথি স্নোডেনের কাছে আছে

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন অস্ট্রেলিয়ার অন্তত ২০ হাজার গোয়েন্দা নথিপত্র চুরি করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
স্নোডেনের নথি ফাঁসের ঘটনায় অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার কূটনৈতিক সম্পর্কে ইতিমধ্যে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। অস্ট্রেলিয়া সরকারের প্রধান আইনজীবী জর্জ ব্র্যান্ডিস বলেন, স্নোডেনের কর্মকাণ্ডের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী পশ্চিমা গোয়েন্দা তথ্য ফাঁসের সবচেয়ে বিপর্যয়কর নজির স্থাপিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, অস্ট্রেলিয়ার ১৫-২০ হাজার নথিপত্র স্নোডেনের কাছে পৌঁছে গিয়েছিল। তবে তিনি ফেরারি অবস্থায় রাশিয়ায় যাওয়ার আগে ঠিক কতগুলো নথি পেয়েছিলেন, তা স্পষ্ট নয়। অধিকাংশ নথিপত্রে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক বিভাগের তথ্য রয়েছে।
এদিকে ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক খবরে বলা হয়, এনএসএ প্রতিদিন বিশ্বব্যাপী প্রায় ৫০০ কোটি মোবাইল ফোনকলে নজরদারি করত। পাশাপাশি ফোনকলের অবস্থান রেকর্ড করত। এর মাধ্যমে এনএসএ ফোনে আলাপকারী ব্যক্তি ও তাঁদের অবস্থান সম্পর্কে জানতে পারত। সন্ত্রাসবিরোধী লড়াইয়ের স্বার্থে মোবাইল ফোনে এই নজরদারি চালানো হতো। স্নোডেন বর্তমানে রাশিয়ায় অস্থায়ী আশ্রয় পেয়েছেন। তিনি যেসব গোয়েন্দা তথ্য ফাঁস করেছেন, সেগুলোতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের নজরদারি কার্যক্রমের পক্ষে অনেক প্রমাণ রয়েছে। এসব তথ্য ফাঁসের কারণে ছয় মাস ধরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একাধিক দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চিড় ধরেছে। এএফপি।