অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়ার সম্পর্কে কালো মেঘ
অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যে কুটনীতিক সম্পর্কের টানাপোড়েন চলছে। গত এপ্রিলে অস্ট্রেলিয়ার বারবার অনুরোধ ও মানা সত্ত্বেও ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ান দুজন মাদক ব্যবসায়ীর ফাঁসি কার্যকর করেছে।
এ ঘটনা নিয়ে দু দেশের কুটনীতিক সম্পর্ক ইতিমধ্যেই নিম্নস্তরে পৌঁছেছে। এর মধ্যে নতুন বিতর্কের জন্ম দিল অস্ট্রেলিয়ান কর্মকর্তা কর্তৃক মানবপাচারকারীদের অর্থ প্রদান। অভিযোগ উঠেছে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকাকে নিউজিল্যান্ড না নিয়ে গিয়ে ইন্দোনেশিয়ায় নিতে মানবপাচারকারীদের এ অর্থ দিয়েছে অস্ট্রেলিয়ান কর্মকর্তারা।
বিশেষজ্ঞদের মতে মানব পাচারকারীদের অর্থ প্রদান হয়তো অস্ট্রেলিয়ান আইনের লঙ্ঘন হবে না, কিন্তু এটি অরক্ষিত এ সব মানুষদের ক্ষতির সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে এবং মানবপাচারকারীদের আরও বেশি উৎসাহিত করবে। তবে দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবট এ অভিযোগটি স্বীকারও করেননি আবার অস্বীকারও করেননি।
প্রধানমন্ত্রীর এ ধরনের অবস্থান সম্পর্কে মানবাধিকার এবং শরণার্থী বিষয়ক আইনজীবী ব্যারিস্টার জুলিয়ান বার্নসাইড বলেন, ‘যদিও অর্থ দিয়েছে কিনা তার কোনো প্রমাণ নেই কিন্তু প্রধানমন্ত্রীকে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও তিনি সরাসরি কোনো উত্তর দেননি। বরং তিনি বলেছেন, “আমরা নৌকাটিকে থামিয়েছি। আমরা নৌকা থামানোর জন্য যা প্রয়োজন তা করব। ” প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য বিচারকদের কাছে অর্থ দিয়েছে বলেই প্রমাণ করবে। ” ’
অস্ট্রেলিয়ান ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ডোনাল্ড রথওয়েলের বলেন, যদিও সাম্প্রতিককালে ইন্দোনেশিয়ার সার্বভৌমত্বে আঘাত এসেছে এমন অনেক ঘটনা ঘটলেও তারা কোনো আইনি ব্যবস্থা নেয়নি। তাই এ ব্যাপারেও কোনো পদক্ষেপ নেবে কিনা সন্দেহ আছে। তবে ওরা চাইলে জাতিসংঘের ২০০০ সালের ভূমি, পানি এবং আকাশপথে মানবপাচার বিষয়ে যে প্রটোকল আছে সে অনুযায়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তাঁর মতে, এ ঘটনার পর অস্ট্রেলিয়ার মানব পাচারকারীদের বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিচ্ছে তাতে ইন্দোনেশিয়া আর কোনো সহায়তা করবে না।
মানবপাচারকারীদের অর্থ প্রদান আসলেই অস্ট্রেলিয়ান আইনের পরিপন্থী কিনা সেই বিষয়টি পরিষ্কার নয়। তবে অভিবাসন আইন বিশেষজ্ঞ ডেভিড ম্যান বিবিসিকে বলেন, আইনের কথা বাদ দিলেও, সরকারের উচিত অস্ট্রেলিয়ান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়টি পরিষ্কার করা। অর্থ দিয়েছে কি দেয়নি এ ব্যাপারে তারা নিশ্চিতভাবে কিছু বলবে বা তদন্ত করবে। তিনি বলেন, গণতন্ত্রের প্রাথমিক দায়বদ্ধতা থেকেই সরকার বিষয়টি নিশ্চিত করবে। তাঁর মতে অর্থ প্রদান সংক্রান্ত কিছু ঘটে থাকলে আন্তর্জাতিক পরিমণ্ডলে অস্ট্রেলিয়ার সুনাম এবং বিশ্বস্ততা ক্ষুণ্ন হবে।
তবে যদি অর্থ প্রদান সংক্রান্ত কিছু ঘটেই থাকে তা অস্ট্রেলিয়ার মানব পাচারবিরোধী কঠোর অবস্থানের জন্য হুমকি হয়েই আসবে। কারণ এতে উৎসাহিত হবে মানবপাচারকারীরা। একই সঙ্গে তারা সরকার এবং অভিবাসন প্রত্যাশী দুই দলের কাছ থেকেই পাবে আর্থিক সুবিধা।