অভিবাসন ও আশ্রয়প্রার্থীদের দেশের বাইরে আটককেন্দ্রে রাখার অস্ট্রেলীয় নীতির কড়া নিন্দা করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নৌকায় সাগর পাড়ি দিয়ে আসা আশ্রয়প্রার্থীদের অস্ট্রেলিয়া নাউরু ও পাপুয়া নিউগিনির মানুস দ্বীপের আটককেন্দ্রে পাঠিয়ে থাকে। সেখানে আশ্রয়প্রার্থীদের সঙ্গে অমানবিক আচরণ করার অভিযোগ রয়েছে।
অভিবাসীদের মানবাধিকার বিষয়ে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফ্রাঁসোয়া ক্রেপো অস্ট্রেলিয়ায় ১৮ দিন অবস্থান করে দেশটির অভিবাসনবিষয়ক আইন পর্যালোচনা করে দেখেছেন। গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় তিনি বলেন, নাউরুর আটককেন্দ্রের অবস্থা ‘নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর’।
কানাডার এই আইনজীবী বলেন, ‘অস্ট্রেলিয়ার কোনো নাগরিক, বিশেষ করে শিশুদের সঙ্গে অন্য কোনো দেশ এ ধরনের আচরণ করলে দেশটি তীব্র প্রতিবাদ জানাতো।’ প্রশান্ত মহাসাগরীয় ছোট দেশ নাউরুতে দুদিন কাটান ফ্রাঁসোয়া ক্রেপো। এ প্রসঙ্গে তিনি বলেন, নাউরুতে পাঠানো আশ্রয়প্রার্থীদের সঙ্গে যে আচরণ করা হয়, তার জন্য অস্ট্রেলিয়াই দায়ী।
ক্রেপো বলেন, নৌকাযোগে আসা অভিবাসন ও আশ্রয়প্রত্যাশীদের ব্যাপারে কঠোর অবস্থান অস্ট্রেলিয়ার এমনিতে মজবুত মানবাধিকার রেকর্ডকে ক্ষুণ্ন করছে। অস্ট্রেলিয়ার কিছু অভিবাসন নীতি ক্রমশই বেশি করে অভিবাসীদের মানবাধিকার লঙ্ঘন করছে। এটি দেশটির আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক বাধ্যবাধকতা মেনে চলার বিষয়টির সঙ্গে সাংঘর্ষিক।
তবে ক্রেপো এও বলেন, অস্ট্রেলিয়ার কিছু ‘ইতিবাচক’ অভিবাসন নীতিও রয়েছে। যেমন গত বছর সিরিয়া থেকে আসা ১২ হাজার শরণার্থীকে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ব্যাপারে কঠোর নীতি অনুসরণের জন্য অস্ট্রেলিয়া বারবারই সমালোচনার মুখে পড়ছে। এ মাসের শুরুর দিকে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে নাউরুতে অস্ট্রেলিয়ার আটককেন্দ্রকে ‘খোলা আকাশের নিচের কারাগারের’ সঙ্গে তুলনা করে।
অস্ট্রেলিয়া গত রোববার নাউরু ও মানুস দ্বীপের আটককেন্দ্রে থাকা কিছুসংখ্যক আশ্রয়প্রার্থীকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের বিষয়ে দেশটির সঙ্গে এক সমঝোতার কথা ঘোষণা করেছে।