অস্ট্রেলিয়ার আগামী সিনেটে নির্বাচন করবেন অ্যাসাঞ্জ
অস্ট্রেলিয়ার আগামী সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোপন কূটনৈতিক বার্তা ফাঁস করা বহুল আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রধান জুলিয়ান অ্যাসাঞ্জ। এ লক্ষ্যে অস্ট্রেলিয়ান উইকিলিকস পার্টি গঠনের কাজও অনেক দূর এগিয়েছে বলে জানান তিনি। খবর এবিসি নিউজের।অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জ গত জুন থেকে যুক্তরাজ্যের লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে আছেন। সুইডেনে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে। যুক্তরাজ্য অ্যাসাঞ্জকে দেশত্যাগের অনুমতি দেয়নি।অ্যাসাঞ্জ ফেয়ারফ্যাক্সকে বলেন, অস্ট্রেলিয়ার সিনেট নির্বাচনে অংশগ্রহণের পূর্বঘোষণার ব্যাপারে তিনি এগিয়ে চলেছেন। কিন্তু ভোটের জন্য এখনো নিবন্ধন করেননি। প্রবাসী ভোটার হিসেবে তিনি নিউ সাউথ ওয়েলস বা ভিক্টোরিয়া থেকে নির্বাচন করতে পারেন।অ্যাসাঞ্জ বলেন, অস্ট্রেলিয়াবাসীর কাছে প্রশংসিত অনেক যোগ্য ব্যক্তি এখনো নিবন্ধন না হওয়া উইকিলিকস পার্টির পাশে দাঁড়ানোর ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। দলের গঠনতন্ত্রের খসড়া প্রস্তুত করা হয়েছে। এখন আইনি বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে।