অস্ট্রেলিয়ার আশ্রয়কেন্দ্রে ‘করুণ’ অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশান্ত মহাসাগরের নাউরুতে অস্ট্রেলিয়ার একটি আশ্রয়কেন্দ্রে ‘নিষ্ঠুর’ ও ‘করুণ’ অবস্থা বিরাজ করছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ অভিযোগ করেছে। সংস্থাটির প্রতিনিধিরা সমুদ্রতীরবর্তী ওই আশ্রয়শিবিরে তিন দিন অবস্থানের পর একটি প্রতিবেদন প্রকাশ করেন।অস্ট্রেলিয়া অভিমুখী আশ্রয়প্রার্থীদের বিপজ্জনক সমুদ্রযাত্রাকে নিরুৎসাহিত করতে দেশটির সরকার গত সেপ্টেম্বরে সমুদ্রতীরবর্তী আশ্রয়কেন্দ্র পুনরায় চালু করে। ২০০৮ সালে ওই আশ্রয়কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থীদের আগমন সম্প্রতি আবার বেড়েছে।অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, আশ্রয়শিবিরের ৩৮৬ জন বাসিন্দাকে গাদাগাদি করে গরম ও ভেজা পরিবেশে থাকতে বাধ্য করা হচ্ছে। সেখানে কারও ব্যক্তিগত জীবন বলে কিছু নেই। ১৫০ মিটার দৈর্ঘ্য ও ১০০ মিটার প্রস্থের ওই আশ্রয়কেন্দ্রে প্রতিটি তাঁবুর মধ্যে পাঁচ থেকে ১৬ জনকে থাকতে হয়। সেখানকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। এ ছাড়া সেখানে বাতাসের আর্দ্রতা খুব বেশি এবং ছায়ার অভাব রয়েছে। এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য আটক ওই সব লোকের মানসিক অবস্থা ‘ভয়াবহ’ পর্যায়ে পৌঁছেছে।অ্যামনেস্টির অভিযোগ, আশ্রয়শিবিরের বাসিন্দাদের অপরাধী হিসেবে বিবেচনা করা হচ্ছে। অস্ট্রেলিয়ায় অপরাধীরাও এর চেয়ে ভালো পরিবেশে থাকার সুযোগ পায়। বিবিসি।