অস্ট্রেলিয়ার কর্মভিসায় কড়াকড়ি আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় বিদেশিদের কর্মভিসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। অস্থায়ী ভিত্তিতে চাকরির ‘৪৫৭ ভিসা’ কর্মসূচি বাতিল করে স্থানীয় নাগরিকদের নিয়োগে উৎসাহ দেওয়া হবে।

৪৫৭ ভিসা কর্মসূচির আওতায় অস্ট্রেলীয় প্রতিষ্ঠানগুলো বিদেশি নাগরিকদের সর্বোচ্চ চার বছরের জন্য নিয়োগ দিতে পারত। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এই ভিসা কার্যক্রম বিলুপ্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন।

৪৫৭ ভিসা-ই অস্ট্রেলিয়ায় কাজের ভিসাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। কারণ অপেক্ষাকৃত কম যোগ্যতা থাকলেও এর জন্য আবেদন করা যেত। অস্ট্রেলিয়ার নাগরিকেরা করতে চান না এমন কাজে ওই ভিসায় আসা লোকেরা যোগ দিতেন। রেস্তোরাঁ, প্রযুক্তি এবং মেডিকেল খাতে কাজ করেন এই ভিসায় যাওয়া লোকজন।

প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল দুটি নতুন কাজের ভিসা চালুর কথা জানান। তবে এগুলোর জন্যও বাড়তি কিছু যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। এ জন্য তালিকাভুক্ত নির্দিষ্ট পেশার লোক আবেদন করতে পারবেন। সে অনুমোদিত পেশার সংখ্যাও আগের প্রায় সাড়ে ৬ শ থেকে ২ শর বেশি কমানো হবে।

প্রধানমন্ত্রী টার্নবুল বলেন, চাকরির ক্ষেত্রে অস্ট্রেলিয়ার নাগরিকদের অগ্রাধিকার নিশ্চিত করার জন্য ৪৫৭ ভিসা ব্যবস্থা বিলোপ করা হচ্ছে। তিনি বলেন, নতুন ভিসা ব্যবস্থাটি ‘কঠোরভাবে জাতীয় স্বার্থে’ পরিচালনা করা হবে। তবে বর্তমান ৪৫৭ ভিসাধারীদের কোনো সমস্যা হবে না বলে জানান প্রধানমন্ত্রী।

বর্তমানে অস্ট্রেলিয়ায় অস্থায়ী কর্মভিসায় গিয়ে স্থায়ী বাসিন্দা বা নাগরিক হওয়ার যে সুযোগ রয়েছে, তা-ও বাতিল হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ৪৫৭ ভিসা কার্যক্রমের অধীনে বর্তমানে অস্ট্রেলিয়ায় ৯৫ হাজারের বেশি বিদেশি অবস্থান করছেন। তাঁদের অধিকাংশই ভারতীয় নাগরিক। এ প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান বেকারত্বের পরিপ্রেক্ষিতেই মূলত এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

৪৫৭ ভিসা ব্যবস্থাটি অস্ট্রেলিয়ায় ব্যাপক সমালোচনার শিকার। এর ফলে বিদেশি শ্রমিকদের তুলনায় অস্ট্রেলিয়ার নাগরিকেরা উপেক্ষিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।