অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীর শপথ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যালকম টার্নবুল। ছবি: এএফপি
ম্যালকম টার্নবুল। ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার শপথ নিচ্ছেন ম্যালকম টার্নবুল। তিনি হবেন দেশটির ২৯ তম প্রধানমন্ত্রী।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টির প্রধানের পদ হারানোয় প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন টনি অ্যাবট। গতকাল সোমবারের ভোটাভুটিতে অ্যাবটকে হারিয়ে দলের প্রধানের পদ পেয়ে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ম্যালকম।
নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুবাদে আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে গভর্নমেন্ট হাউসে যাবেন ম্যালকম। তাঁকে শপথ করাবেন গভর্নর জেনারেল।
গতকালের ভোটাভুটিতে ম্যালকম পান ৫৪ ভোট। অ্যাবট পান ৪৪ ভোট। এদিন দলটির উপনেতাও নির্বাচন করা হয়। নতুন উপনেতা হয়েছেন জুলি বিশপ।
প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার প্রাক্কালে ম্যালকম বলেন, এটা তাঁর জন্য সবচেয়ে আনন্দের সময়।
অ্যাবটের যোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ম্যালকম পরে তাঁর মন্ত্রিসভা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় পরাজয়ের পর আজ সকালে অ্যাবটের প্রতিক্রিয়া পাওয়া গেছে। তিনি স্বীকার করেন, তাঁর সরকার নিখুঁত ছিল না। একই সঙ্গে তিনি তাঁর অর্জনের কথাও উল্লেখ করেন।
অ্যাবট রাজনীতিতে থাকবেন নাকি থাকবেন না, তা উল্লেখ করেননি। তিনি বলেন, ‘এটা এক কঠিন দিন, কিন্তু খেলায় নামলে নিয়ম মানতে হবে।’