অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে করোনায় আক্রান্ত বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর সংক্রমণ বেড়েছে সিডনিতে।
ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের সিডনি শহরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ভয়াবহতা রুখতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এর মধ্যেই গত ২৪ ঘণ্টায় চলতি বছরের সর্বোচ্চ সংক্রমণ দেখল প্রদেশটি। সেখানে এক দিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ জন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এর আগের দিন সংক্রমণের সংখ্যা ছিল ২৭। এর আগেই নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনি শহরে লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

নিউ সাউথ ওয়েলস প্রদেশের প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিয়া বলেন, ‘আমরা লকডাউনের মেয়াদ বাড়াতে চাই না। আমাদের বেশির ভাগ মানুষকে টিকা না দেওয়া পর্যন্ত নিউ সাউথ ওয়েলস ও সিডনিতে বারবার লকডাউন দেওয়া হবে, এমনটি আমরা আর দেখতে চাই না।’

এ ছাড়া পরিচিত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের পরিমাণ কমিয়ে আনতে প্রদেশের বাসিন্দাদের অনুরোধ জানিয়েছেন প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিয়া। এমনকি কারও শরীরে করোনার উপসর্গ দেখা দিলে পরিবারের সবাইকে কোভিড শনাক্তকরণের পরীক্ষা করার জন্য অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি চলমান লকডাউনই সিডনির শেষ লকডাউন হবে বলে আশ্বাস দিয়েছেন প্রদেশটির প্রিমিয়ার।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার ১০ শতাংশের কম নাগরিক টিকা পেয়েছেন। ফাইজারের টিকাসহ অন্য টিকাগুলোর সরবরাহে ঘাটতি থাকায় দেশটির অনেকেই চলতি বছরের শেষ মাসগুলোর আগে টিকা পাবেন না বলে ধরা হচ্ছে।

গত ২৬ জুন সিডনিতে ‘বাড়িতে অবস্থান করার’ আদেশ জারি করা হয়। এর মধ্যে আরও কিছু লোক আক্রান্ত হওয়ায় লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় নিউ সাউথ ওয়েলস প্রশাসন। এই বিধিনিষেধ থাকবে ১৬ জুলাই পর্যন্ত। তবে প্রদেশের সিডনি, ইউলংগং ও সেন্ট্রাল কোস্ট এলাকায় আগামী শুক্রবার বিধিনিষেধ তুলে নেওয়ার কথা ছিল।

বিশ্বের উন্নত অনেক দেশের তুলনায় করোনার সংক্রমণ ঠেকানোর দিক দিয়ে বেশ ভালো অবস্থানে আছে অস্ট্রেলিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ হাজার ৯০০ জন। আর আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯১০ জনের।