অস্ট্রেলিয়ার পরবর্তী নির্বাচনেও দলের নেতৃত্বে জুলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড পরবর্তী নির্বাচনেও লেবার পার্টিকে নেতৃত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, নানা কেলেঙ্কারির অভিযোগে তাঁর সরকারের জনপ্রিয়তা ব্যাপক হ্রাস পেয়েছে এবং তাঁর সরকারের ওপর আগাম নির্বাচনের চাপ বাড়ছে।লেবার পার্টির ক্রেইগ টমসন পার্লামেন্ট সদস্য হওয়ার আগে তাঁর এক সাবেক কর্মীর ক্রেডিট কার্ড দিয়ে যৌনকর্মীর বিল পরিশোধ করেছেন বলে অভিযোগ রয়েছে। গিলার্ড গত রোববার তাঁকে দল থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। তিনি স্পিকার পিটার স্লিপারকেও অনির্দিষ্টকালের বাধ্যতামূলক ছুটি দিয়েছেন। তাঁর বিরুদ্ধে একজন কর্মীকে যৌন হয়রানি ও ভুয়া পর্যটন বিল দেওয়ার অভিযোগ উঠেছে। স্পিকার পিটার নাকি পার্লামেন্টের একজন নারী কর্মীকে বিব্রতকর খুদেবার্তা পাঠিয়েছিলেন।গিলার্ড বলেন, অভিযোগ গুরুতর হওয়ার কারণে তিনি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। আগামী নির্বাচন সামনে রেখে দল থেকে তাঁকে সরিয়ে দেওয়ার গুজব নাকচ করেন তিনি। সিডনিতে তিনি সাংবাদিকদের বলেন, ‘আগামী নির্বাচনে লেবার পার্টিকে আমিই নেতৃত্ব দেব।’তবে আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার জন্য তাঁর ওপর চাপ রয়েছে। এএফপি।