অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেভিন রাড গতকাল বুধবার পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের সমর্থন ছাড়া টানা কাজ চালিয়ে যেতে অক্ষম হওয়ায় তিনি পদত্যাগ করেছেন বলে জানান। এ ঘটনা গিলার্ডকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।গত মঙ্গলবার দিবাগত রাতে পদত্যাগের বিষয়ে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন কেভিন রাড। তাঁর এ বক্তব্য অস্ট্রেলিয়ার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।পদত্যাগের আগে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে সাক্ষাৎ করেন। কাল শুক্রবার তাঁর ব্রিসবেনের বাড়িতে পৌঁছার কথা।রাড জানান, গিলার্ড তাঁকে বরখাস্ত করার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর রটেছে অস্ট্রেলিয়ায়। এর পরিপ্রেক্ষিতে সম্মান রক্ষায় তিনি পদত্যাগ করেন। তিনি বলেন, ‘সহজ সত্য এই যে, প্রধানমন্ত্রীর কাছ থেকে সমর্থন না পেলে তো আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারি না।’কেভিন রাড নেতৃত্বের ক্ষেত্রে গিলার্ডের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবেন কি না, সে সম্পর্কে কিছু বলেননি। তবে তিনি বলেন, ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করবেন না তিনি।ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্ব নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছে। গিলার্ডের সঙ্গে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২০১০ সালের জুনে পদত্যাগ করেন রাড। এএফপি, বিবিসি।