অস্ট্রেলিয়ার পালাবদলে ভিন্নমত কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কট মরিসন। ছবি: সংগৃহীত
স্কট মরিসন। ছবি: সংগৃহীত

টান টান নাটকীয়তার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ক্ষমতার পালাবদল হলেও হঠাৎ করে দেশটির প্রধানমন্ত্রীর পরিবর্তন খুব অবাক করার মতো কিছু নয়, এমটাই বলছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকেরা। কেননা গণতান্ত্রিক দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জনগণের সরাসরি ভোটে নির্ধারণ হন না। জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের দল সরকার গঠন করে। আর সে দলের প্রধানই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার অনুমতি পান। তাই মূলত প্রধানমন্ত্রী নয়, দলীয় নির্বাচনে দলের প্রধান পরিবর্তিত হন। আর যিনি দলের প্রধান, তিনিই প্রধানমন্ত্রী।

রাজনৈতিক আলোচনায় এসব খুব সাধারণ পাঠ, তবুও আলোচিত হচ্ছে, কারণ গেল সপ্তাহে অস্ট্রেলিয়ার সরকারি দলের কোন্দল আর রেষারেষির ফলে সৃষ্ট জটিলতার সময় দেশ-বিদেশে অনেকে অস্ট্রেলিয়ার রাজনৈতিক এই প্রক্রিয়া নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করেছেন বিভিন্ন মাধ্যমে। কিন্তু ২০১৫ সাল থেকে বর্তমান ক্ষমতাসীন দল লিবারেল পার্টি তিন তিনবার প্রধানমন্ত্রী বদলায়। এর আগের সাবেক সরকার লেবার পার্টিও ক্ষমতায় থাকাকালীন তিনবার প্রধানমন্ত্রী পরিবর্তন করে।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন, নেতৃত্বের পরিবর্তন পুরোটাই দলের স্বার্থে। পদ থেকে হটিয়ে দেওয়া মানেই কেউ ব্যর্থ নয়। ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর সময় দল কোনো নির্বাচন কিংবা উপনির্বাচনে অথবা জরিপে ভোটারদের সমর্থন হারালে দল চটে বসে প্রধানের ওপর। সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের বেলায়ও অনেকটা একই রকম ঘটে। নির্বাচনী জরিপে টার্নবুল বিরোধী দলের নেতার চেয়ে জনপ্রিয়তায় পিছিয়ে পড়েন। আর তাই আসন্ন নির্বাচনে দলকে এগিয়ে নিয়ে যেতে নতুন নেতার প্রয়োজন পড়ে লিবারেল পার্টির। পার্টি বিভিন্নভাবে চাচ্ছিল নির্বাচনের আগে নতুন একজন নেতা আসুক। আর সে নতুন নেতা নির্বাচন করতে সাম্প্রতিক সময়ে এত শত নাটক হলো অস্ট্রেলিয়ায়।

অস্ট্রেলিয়ার সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রী স্কট মরিসন শপথ গ্রহণের পর গতকাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শুরু করেছেন। নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভায়ও রদবদল হয়েছে। গত কয়েক দিনের সব কাণ্ডের মূল চরিত্র পিটার ডাটনকে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন মরিসন। যদিও ডাটনের মন্ত্রণালয় থেকে অভিবাসন ও নাগরিকত্ব মন্ত্রণালয় আপাতত কেড়ে নেওয়া হয়েছে। এই পরিবর্তনে দলের অ্যাজেন্ডা কতটুকু পরিবর্তন হবে, এটা এখনো স্পষ্ট না হলেও পরিবর্তিত নতুন লিবারেল প্রধান ও প্রধানমন্ত্রী স্কট মরিসন ক্ষমতায় আসার পরপরই দলের সমর্থকের গড়পড়তার দৃশ্য বদলাতে শুরু করেছে। দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা বিল শর্টেনের চেয়ে নিউজপুলে মরিসনের সমর্থন বেড়ে যায় গতকালই। দায়িত্ব পালনের প্রথম দিনেই শর্টেনকে পেছনে রেখে মরিসনের সমর্থন ৫১.৯ শতাংশ এসে পড়ে। এর সঙ্গে লিবারেল দলের সমর্থনও ৫২ শতাংশে উঠে আসে। তবে প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী পরিবর্তন দলটির জন্য লাভজনক মনে হলেও এর মাশুল শিগগিরই দিতে হতে পারে বলে ধারণা করছেন দেশটির রাজনৈতিক বিশেষজ্ঞেরা। কারণ, একইভাবে নেতৃত্ব নিয়ে দলীয় কোন্দলের কারণে ২০১৩ সালে জাতীয় নির্বাচনে হেরে যায় লেবার পার্টি। এতে দলের ওপর ভোটারদের আস্থা কমে গিয়েছিল। একই দৃশ্য লিবারেল দলেও দেখা দিয়েছিল বলে নেতৃত্ব পরিবর্তনের প্রয়োজন পড়ে দলটির। যদিও অস্ট্রেলিয়ার রাজনীতির ইতিহাস বলে, নির্বাচনের আগে নেতৃত্বের পরিবর্তন জয়ের পক্ষে তেমন কাজে আসে না। তবুও দেখা যাক, এবার কী হয়, এ আশায় অনেকই আবার অপেক্ষা শুরু করেছেন।

বিশ্বের শীর্ষ ১০ গণতান্ত্রিক দেশগুলোর একটি অস্ট্রেলিয়া। ২০১৭ সালে করা ফোর্বসের তালিকার শীর্ষ গণতান্ত্রিক দেশ নরওয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার গণতন্ত্রের চর্চার পার্থক্য খুব বেশি নয়। নরওয়েতে গণতন্ত্রের মান ১০ এর মধ্যে ৯.৮৭ আর অস্ট্রেলিয়ার ৯.০৯। আর এমন দেশে প্রধানমন্ত্রী পদ পরিবর্তন অস্বাভাবিক নয়। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা সবার মতামতের ভিত্তি ও গোপন ব্যালটের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। আর সবার মতামতের মূল্যায়ন করতে ব্যর্থ হলেই এঁরাই আবার প্রধানমন্ত্রীকে নামিয়ে দেন। তবে অস্ট্রেলিয়ার রাজনৈতিক নেতা-কর্মীরা তাঁদের পদকে ক্ষমতার চেয়ে দায়িত্ব বলেই বেশি প্রাধান্য দেন। তাঁরা দেশের উন্নয়নে কীভাবে যোগ দেবেন, সে দায়িত্ব পালনেই অধিক মনোযোগী। এর জন্য তাঁদের কাছে সাধারণত পদ বড় নয়। তাই প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে হেরে গিয়ে মন্ত্রিত্ব থেকে বিদায় নেওয়া পিটার ডাটন আবারও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পালন করবেন। ম্যালকম টার্নবুল প্রধানমন্ত্রিত্ব ছাড়ার আগে দেশের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আবার স্কট মরিসনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় হেরে গিয়ে খানিক বাদেই পিটার ডাটনকে পরিবার সমেত হাস্যোজ্জ্বল চেহারায় হোটেলে খাবার খেতে দেখা যায়। সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে আবারও স্কট মরিসনের মন্ত্রিসভায় অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কাজ করতে দেখলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এর আগে দেশটিতে বহু রকম উদাহরণ রয়েছে। গণতন্ত্রের সুষ্ঠু চর্চা যে দেশগুলোতে নেই, সেখানে এই আকস্মিক প্রধান পদের রদবদল হয়তো সহজে মেনে নেওয়ার মতো নয়। তবে অস্ট্রেলিয়া, নরওয়ে, নিউজিল্যান্ড, সুইডেন বা জাপানের মতো দেশগুলোতে গণতন্ত্রের সেরা চর্চার ফলে এসব দেশে এমন বিষয় খুব বড় কিছু নয়। তবে ঘন ঘন প্রধানমন্ত্রীর পরিবর্তন জনমনে অস্পষ্ট সরকার ব্যবস্থার শঙ্কা তৈরি করে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এ জন্যই হয়তো বা এবারের পরিবর্তনে অনেক বেশি ভিন্ন ভিন্ন মত ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে।