অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন জুলিয়া গিলার্ড
অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছেন জুলিয়া গিলার্ড। খনিশিল্পের ওপর কর আরোপ নিয়ে বিতর্কের অবসান, বাতিল করা কার্বন বাণিজ্য পরিকল্পনা আবার ফিরিয়ে আনা ও আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচন আয়োজনের অঙ্গীকার করেছেন নতুন প্রধানমন্ত্রী।এদিকে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ থেকে অনেকটা লজ্জাজনকভাবেই বিদায় নিতে হয়েছে কেভিন রাডকে। অস্ট্রেলিয়ার লেবার পার্টি রাডকে পদচ্যুত করতে দলীয় ভোটাভুটির আয়োজন করেছিল। কিন্তু অবমাননা এড়াতে তার আগেই পদত্যাগ করেন রাড। পরে রাজধানী ক্যানবেরায় পার্লামেন্ট হাউসে দলীয় ভোটের মাধ্যমে রাডের মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা গিলার্ডের হাতে নতুন এই দায়িত্ব তুলে দেওয়া হয়। নতুন উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন অর্থমন্ত্রী ওয়েন সোয়ান।চলতি বছর কেভিন রাডের সরকারের জনপ্রিয়তায় নাটকীয় ভাটা পড়ায় ক্ষমতাসীন লেবার পার্টির মধ্যে আসন্ন নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অথচ ২০০৭ সালের নির্বাচনেই রাডের নেতৃত্বে বড় ব্যবধানে জয়ী হয় লেবার পার্টি। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় পরবর্তী নির্বাচন হওয়ার কথা।গতকাল এক সংবাদ সম্মেলনে গিলার্ড বলেন, ‘আমি সহকর্মীদের আহ্বান জানিয়েছিলাম নেতৃত্বে পরিবর্তন আনার জন্য। কারণ একটি ভালো সরকার তার পথ হারাচ্ছিল।’ খনিশিল্পের ওপর কর আরোপ নিয়ে বিতর্কের বিষয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে একটি মতৈক্যে পৌঁছতে আমাদের পরামর্শের চেয়ে বেশি কিছু করতে হবে, আমাদের সমঝোতায় আসতে হবে। এ বিষয়ে আমাদের অনিশ্চয়তা দূর করতে হবে, যা দেশের জন্য ভালো নয়।’সাবেক প্রধানমন্ত্রী রাড সম্পর্কে গিলার্ড বলেন, ‘অর্থনৈতিক মন্দা পার হয়ে আসার সময় দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। জলবায়ু পরিবর্তন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছিলেন রাড। এদিকে কেভিন রাড বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আমার সবকিছু দিয়েছি এবং দেশকে সামনে এগিয়ে নিতে আমাদের যা কিছু অর্জন তা নিয়ে আমি গর্বিত। আমি গর্বিত আমরা অস্ট্রেলিয়াকে বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব থেকে দূরে রাখতে পেরেছি।’ তিনি জানান, লেবার পার্টিকে পুনর্নির্বাচিত করতে তিনি আত্মনিয়োগ করবেন।অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড ১৯৬১ সালের ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের ওয়েলসের ব্যারি আইল্যান্ডে জন্ম নেন। ১৯৬৬ সালে গিলার্ডের পরিবার অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করে। গিলার্ড কলা ও আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ১৯৮৩ সালে তিনি অস্ট্রেলিয়ান ইউনিয়ন অব স্টুডেন্টসের সভাপতি নির্বাচিত হন।অস্ট্রেলিয়ার পুরুষ-প্রধান রাজনৈতিক পরিমণ্ডলে প্রথমবার সাধারণ নির্বাচনে অংশ নিতে চাইলেও দল থেকে মনোনয়ন পাননি। ১৯৯৮ সালে তিনি মেলবোর্নের লালোর আসন থেকে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। ২০০৭ সালে রাডের মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গিলার্ড দেশের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে স্বীকৃতি পান। বিবিসি, এএফপি।