অস্ট্রেলিয়ার মন্ত্রীদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে মানা!
মন্ত্রিসভার সদস্যদের পত্রিকার সম্পাদকদের সঙ্গে কথা বলা নিয়ে পত্রিকায় প্রকাশিত খবর নাকচ করে দেননি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। সম্প্রতি পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে, তিনি পত্রিকার সম্পাদকদের সঙ্গে কথা বলতে মন্ত্রিসভার সদস্যদের নিষেধ করেছেন।২০১০ সালে অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হলে দুর্বল জোট সরকারের নেতৃত্ব গ্রহণ করেন গিলার্ড। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কেভিন রাড গিলার্ডের নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন।২০১০ সালের মাঝামাঝি কেভিন রাড লেবার পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে জুলিয়া গিলার্ড অস্ট্রেলিয়ার ২৭তম প্রধানমন্ত্রী হন। সিডনি ডেইলি টেলিগ্রাফ-এ এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মন্ত্রিসভার একটি বৈঠকে গিলার্ড নেতৃত্ব নিয়ে বিতর্ক এড়াতে মন্ত্রীদের পত্রিকার সম্পাদকদের সঙ্গে কথা বলতে নিষেধ করেন।পত্রিকাটি বলেছে, এখন থেকে পত্রিকার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা বা ব্যক্তিগত বৈঠকের আগে মন্ত্রিসভার সদস্যদের অবশ্যই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমতি নিতে হবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গিলার্ড বলেন, ‘সরকার হিসেবে আমরা অস্ট্রেলিয়ার জনগণের জন্য কী করছি, নিয়মিত তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়াটা গুরুত্বপূর্ণ।’ এএফপি।