অস্ট্রেলিয়ার রাজনীতিতে মুসলিমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় রাজনৈতিক দলের অভাব নেই। দেশটিতে ৬০টির বেশি নিবন্ধিত দল রয়েছে। এই তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে আরেকটি দল, ‘অস্ট্রেলিয়ান মুসলিম পার্টি’। অস্ট্রেলিয়ায় রাজনীতিতে দলটির ভবিষ্যৎ কী, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সদ্যগঠিত ‘অস্ট্রেলিয়ান মুসলিম পার্টি’র প্রতিষ্ঠাতা সিডনির ৩৪ বছর বয়সী ব্যবসায়ী দিয়া মোহাম্মদ। এই পদক্ষেপের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায় প্রথম একটি পৃথক রাজনৈতিক দল গঠন করল।

দলটির প্রতিষ্ঠাতা বলেছেন, তাঁর প্রাথমিক লক্ষ্য আগামী নির্বাচনে সিনেটে একটি আসন পাওয়া।

দল গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে দিয়া মোহাম্মদ বলেছেন, অস্ট্রেলিয়ার রাজনীতিতে দেশটির মুসলিমদের প্রতিনিধিত্ব করতে চায় তাঁর দল। দলটি দেশটির মুসলমানদের বক্তব্য আরও জোরালোভাবে তুলে ধরতে চায়।

সম্প্রতি সিডনিতে দলের উদ্বোধনী অনুষ্ঠানে দিয়া মোহাম্মদ বলেন, অস্ট্রেলিয়ায় কিছু রাজনৈতিক দল মুসলিমদের বিরোধিতা করে। এত দিন মুসলিমদের আনুষ্ঠানিক প্রতিনিধিত্ব করার মতো কোনো দল এ দেশে ছিল না। এখন হয়েছে।

অস্ট্রেলিয়ায় পাঁচ লাখের মতো মুসলমান থাকলেও জনসংখ্যার মাত্র ২ শতাংশ তারা। দেশটির পার্লামেন্টে মাত্র একজন মুসলিম সদস্য। যদিও যুক্তরাজ্যে মুসলিম এমপি আছেন ১৩ জন ।

বিশ্বজুড়ে একটা অস্থিরতা চলছে। দেশে দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গিবাদ। ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। এমন প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ায় ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটল। শুধু আত্মপ্রকাশই নয়, তারা আগামী নির্বাচনে সিনেটে একটি আসন লাভেরও স্বপ্ন দেখছে।

দলটির আত্মপ্রকাশের সময় নির্বাচন নিয়ে সমালোচনার আশঙ্কা করা হচ্ছে। তবে দলের প্রতিষ্ঠাতা দিয়া মোহাম্মদ ইতিমধ্যে একটা ব্যাখ্যা দিয়েছেন। প্যারিসে সন্ত্রাসী হামলার পর অস্ট্রেলিয়ায় মুসলিমদের নতুন দলের যাত্রা শুরু করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে আগামী দিনগুলোয় অনেক প্রশ্ন তোলা হবে। এই কারণেই তাঁরা নতুন দল গড়েছেন।

সমালোচনা হোক আর যা-ই হোক, নতুন দলের আত্মপ্রকাশের এটাই ভালো সময় বলেও মত দিয়া মোহাম্মদের।

অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা ইসলামিক উগ্রবাদের বিরুদ্ধে বিতর্কে যথেষ্ট সোচ্চার নয়। তবে দিয়া মোহাম্মদের ভাষ্য, উপায় না জানা বা বিচ্ছিন্নতার কারণে এটা হতে পারে। কিন্তু দল গঠনের ফলে মুসলিম সম্প্রদায় একটা সুযোগ পাবে বলে তাঁর প্রত্যাশা।