অস্ট্রেলিয়ার সিনেট নির্বাচনে দাঁড়াচ্ছেন অ্যাসাঞ্জ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন মার্কিন নথি প্রকাশ করে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ার সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল বুধবার উইকিলিকস এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। অ্যাসাঞ্জের মা ক্রিস্টিন অ্যাসাঞ্জ বলেছেন, সিনেটর হিসেবে অ্যাসাঞ্জ দারুণ ভূমিকা রাখতে পারবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড গতকাল ঘোষণা করেন, আগামী ১৪ সেপ্টেম্বর দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই উইকিলিকস টুইটারে লেখে, ‘অস্ট্রেলিয়া: জুলিয়ান অ্যাসাঞ্জ নিশ্চিত করেছেন, তিনি ২০১৩ সালের অনুষ্ঠেয় অস্ট্রেলীয় সিনেট নির্বাচনে দাঁড়াবেন।’অ্যাসাঞ্জের মা ক্রিস্টিন অ্যাসাঞ্জ গতকাল এপিকে বলেন, অ্যাসাঞ্জ নির্বাচিত হলে অস্ট্রেলিয়ার জনসাধারণ উপকৃত হবে। জুলিয়ান অ্যাসাঞ্জ বর্তমানে রাজনৈতিক আশ্রয়ের অংশ হিসেবে ব্রিটেনে ইকুয়েডরের দূতাবাসে রয়েছেন। দূতাবাস থেকে বের হলে তাঁকে গ্রেপ্তার করে একটি মামলার বিচারের জন্য সুইডেনে পাঠিয়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এ কারণেই তিনি অনির্দিষ্টকালের জন্য ওই দূতাবাসে স্বেচ্ছাবন্দিত্বের জীবন কাটাচ্ছেন। টেলিগ্রাফ অনলাইন।