অস্ট্রেলিয়ার স্পিকারের পদত্যাগ
যৌন হয়রানি ও সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগের মুখে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার পিটার স্লিপার পদত্যাগ করেছেন। ক্ষমতাসীন লেবার দলের সাংসদ আনা বার্ক সাময়িকভাবে স্পিকারের দায়িত্ব পালন করবেন।যৌন হয়রানিমূলক বার্তা পাঠানোর অভিযোগ এনে স্লিপারের (৬২) বিরুদ্ধে তাঁর সাবেক এক সহকর্মী মামলা করেছেন। এ ছাড়া সরকারি ট্যাক্সিসেবা খাতের অর্থ নিয়মবহির্ভূত উপায়ে ব্যয়ের অভিযোগও রয়েছে স্লিপারের বিরুদ্ধে। এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তবে পুলিশি তদন্তে সহায়তা দেওয়ার স্বার্থে স্পিকারের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন স্লিপার। স্লিপার বিবাহিত। তিনি বিদেশ সফর থেকে অস্ট্রেলিয়ায় ফিরে এক বিবৃতিতে বলেন, ‘দুটি অভিযোগই করা হয়েছে দেওয়ানি বিধি অনুযায়ী। তাই আমি মনে করি, তদন্তের স্বার্থে আমার পদত্যাগ করাটাই যুক্তিযুক্ত হবে। তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হওয়ার পর আবার স্পিকারের দায়িত্ব পালন করব।’বিরোধী লিবারেল পার্টি থেকে চলে যাওয়া বিদ্রোহী নেতা স্লিপার গত বছরের নভেম্বরে স্পিকারের দায়িত্ব নেন। বিবিসি।