অস্ট্রেলিয়ায় আরও হামলার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার সিডনির ক্যাফেতে ভয়াবহ হামলার পর আবারও এ ধরনের হামলার ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। গতকাল মঙ্গলবার সিডনির বাসিন্দারা শেষ বিদায় জানিয়েছে ক্যাফেতে নিহত দুই ব্যক্তিকে। সম্পন্ন হয়েছে তাঁদের অন্তে৵ষ্টিক্রিয়া। খবর এএফপির।
গতকাল জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক শেষে টনি অ্যাবট বলেন, নিরাপত্তা সংস্থা থেকে বলা হয়েছে, সিডনির ক্যাফেতে জিম্মি নাটকের পর সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে গেছে। তিনি বলেন, ‘আমরা জানি না কখন এবং কীভাবে হামলা হতে পারে, তবে আমরা জানি পুনরায় হামলা করার ক্ষমতা ও সংকল্প রয়েছে এমন লোক আছে।’
গত সপ্তাহে ইরানি নাগরিক অস্ত্রধারী মান হারুন মনিস সিডনি শহরের লিন্দত চকলেট ক্যাফের ভেতর ১৭ জনকে জিম্মি করে রাখেন। কমান্ডোদের অভিযানের মধ্য দিয়ে শেষ হয় ১৬ ঘণ্টার ওই জিম্মি নাটক। অভিযানের সময় অস্ত্রধারী হারুনসহ আরও দুই জিম্মি নিহত হন। নিহত অপর দুজন হলেন আইনজীবী ক্যাটরিনা ডওসন (৩৮) এবং ওই ক্যাফের ব্যবস্থাপক টোরি জনসন নিহত হন।
গতকাল সিডনির মার্টিন প্লেসে ওই ক্যাফের কাছে অস্থায়ী স্মৃতিস্তম্ভে হাজার হাজার ফুলের তোড়া দিয়ে নিহত দুজনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
নিউ সাউথ ওয়ালস রাজ্যের প্রধান মাইক বেয়ার্ড বলেন, অস্থায়ী স্মৃতিস্তম্ভে অর্পণ করা ফুল শ্রদ্ধার সঙ্গে সংগ্রহ করা হবে। পাশাপাশি অসংখ্য লিখিত বার্তা ও কার্ড সংরক্ষণ করা হবে। ওই ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে আলোচনা করে এসব সামগ্রী উপযুক্ত কোনো স্থানে নেওয়া হবে।