অস্ট্রেলিয়ায় ইহুদি শিশু বহনকারী বাসে হামলা
অস্ট্রেলিয়ার সিডনিতে গতকাল বুধবার শিশু শিক্ষার্থীভর্তি একটি বাসে আটজন উঠতি তরুণ হামলা চালিয়েছেন। বাসটি ইহুদি স্কুলগুলো থেকে এসব শিশু নিয়ে ফিরছিল। এ ঘটনায় আজ বৃহস্পতিবার পাঁচজন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ হামলায় অবশ্য কোনো শিশু আহত হয়নি।
এএফপির খবরে জানানো হয়, ওই হামলায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল বিকেলে বন্ডি জংশন বলে পরিচিত শহরতলিতে পাঁচ থেকে ১২ বছরের শিক্ষার্থীদের নিয়ে ওই বাসটি যাচ্ছিল। এ সময় আট তরুণ লাফিয়ে ওই বাসে উঠে পড়েন।
তাঁরা শিশুদের জাত-ধর্ম নিয়ে গালাগাল করেন। শারীরিক আক্রমণের হুমকি দেন। এ সময় তাঁরা ‘জয় হিটলার, ইহুদিদের হত্যা করো, ফিলিস্তিন মুক্ত করো’ বলে স্লোগান দেন।
ওই গাড়িতে থাকা তিন শিশুর মা এবিসি বেতারকে জানান, এ ঘটনায় কেউ আঘাত না পেলেও অনেকে খুব ভয় পেয়েছে। কেঁদেও ফেলে অনেকে। তাঁর ছোট মেয়ে এখন সবকিছুতেই ভয় পাচ্ছে।
নিউ সাউথ ওয়েলসের ইহুদি বোর্ডের ডেপুটি প্রেসিডেন্ট ইয়ার মিলার সাংবাদিকদের বলেন, ‘আমাদের সমাজের কোমলমতি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সঙ্গে এমন দুর্ব্যবহার গ্রহণযোগ্য নয়।’ তিনি জানান, অভিভাবকেরা চাইলে এখন থেকে বিদ্যালয়ের বাসে শিক্ষার্থীদের সঙ্গে যেতে পারবেন।
গ্রেপ্তার হওয়া তরুণদের অভিভাবকেরা থানা থেকে তাঁদের ছাড়িয়ে নিয়েছেন। এ বিষয়ে এখনো তদন্ত চলছে।