অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড় 'ডেবি'র আঘাত
প্রবল বাতাসের গর্জন, তুমুল বৃষ্টি আর সাগরের জলোচ্ছ্বাস নিয়ে অস্ট্রেলিয়ায় আছড়ে পড়েছে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘ডেবি’। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডের উত্তরে গতকাল মঙ্গলবারের ‘ক্যাটাগরি ফোর’ মাত্রার এ ঝড়ে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৩৮ হাজার মানুষ। স্থানীয় সময় দুপুরে ঝড়টি আঘাত হানে।
ঝড়ের সময় কুইন্সল্যান্ড উপকূলের বিশ্বখ্যাত গ্রেট ব্যারিয়ার রিফ এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০ কিলোমিটারেরও বেশি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঝড়টি খুব ধীরে দক্ষিণ-পশ্চিমে সরে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই ঝড়-পরিস্থিতি ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের ৯৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এয়ারলাই সৈকত থেকে ওই এলাকার বাসিন্দা জ্যান ক্লিফোর্ড খুদে বার্তায় জানিয়েছেন, প্রচণ্ড আওয়াজ হচ্ছে; চারদিকে ঝোড়ো হাওয়ার প্রবল গর্জন...।
এর আগে গত সোমবার কুইন্সল্যান্ড কর্তৃপক্ষ এই রাজ্যের নিম্নাঞ্চলের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলে। ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার ডারউইন শহরে ১৯৭৪ সালে ক্রিসমাসের দিনে ঘূর্ণিঝড় আঘাত হানার পর এই প্রথম এত বড় সংখ্যায় কোনো এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হলো।
অস্ট্রেলিয়ার টেলিভিশন নেটওয়ার্কের খবরে দেখানো হয়, গতকাল ঘূর্ণিঝড় ‘ডেবি’ আঘাত হানার পর প্রবল বর্ষণে এয়ারলাই সৈকত এলাকার রাস্তাঘাট প্লাবিত হয়ে পড়েছে। বাতাসের ঝাপটায় অনেক বাড়িঘরেরই জানালার কাচ ভেঙে পড়ে। এ ছাড়া সৈকতের জেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুইন্সল্যান্ডে বিদ্যুৎ বিতরণ কোম্পানি এরগন এনার্জি বলেছে, এয়ারলাই সৈকতের উত্তর ও দক্ষিণে বোয়েন ও ম্যাকে শহরের ৩৮ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।