অস্ট্রেলিয়ায় ঝুলন্ত পার্লামেন্ট
অস্ট্রেলিয়ার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাধারণ নির্বাচনের পর ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনা দেখা দিয়েছে। শেষ খবর পর্যন্ত বিরোধী লিবারেল পার্টি প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের লেবার পার্টির চেয়ে কয়েকটি আসন বেশি পেয়ে এগিয়ে আছে।দুই পক্ষই আগামীতে সরকার গঠনের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছে। বিরোধীদলীয় নেতা টনি অ্যাবটের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৩টি আসন। অন্যদিকে প্রধানমন্ত্রী গিলার্ডের লেবার পার্টি পেয়েছে ৭০টি আসন। সরকার গঠনের জন্য দরকার ৭৬টি আসন।অর্ধেকের বেশি ভোট গণনার পর প্রধানমন্ত্রী গিলার্ড কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে তাঁর দল সুস্পষ্টভাবে জয়লাভ করতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেন। সরকার গঠনের জন্য তিনি স্বতন্ত্র প্রার্থীদের দ্বারস্থ হবেন বলেও উল্লেখ করেন। সর্বশেষ ১৯৪০ সালে অস্ট্রেলিয়ায় ঝুলন্ত পার্লামেন্ট হয়েছিল।মেলবোর্নে সমর্থকদের উদ্দেশে গিলার্ড বলেন, শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে, তা বলা মুশকিল। তিনি বলেন, নির্বাচনের পুরো ফলাফল না আসা পর্যন্ত তিনি সরকারের নেতৃত্ব দিয়ে যাবেন।প্রাথমিক পাওয়া ফলাফল ও বুথ-ফেরত সমীক্ষায়ই ইঙ্গিত মেলে, ১৫০ আসনের নিম্নকক্ষে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। দুটি পৃথক বুথ-ফেরত সমীক্ষায় পূর্বাভাষ দেওয়া হয়েছে, গিলার্ডের দল মোট ভোটের ৫১ থেকে ৫২ শতাংশ পেতে পারে। অন্যদিকে বিরোধী জোট পাবে ৪৮ থেকে ৪৯ শতাংশ ভোট।মেলবোর্নে নিজের ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী গিলার্ড বলেন, এটা হবে কঠিন লড়াই। অন্যদিকে সিডনিতে ভোট দেওয়ার পর বিরোধী জোটের নেতা অ্যাবট বলেন, দেশের জন্য এটা বিশাল একটা দিন।এদিকে সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড উত্তর অস্ট্রেলিয়ার গ্রিফিথ থেকে পুনর্নির্বাচিত হয়েছেন। ১৯৯৮ সাল থেকে আসনটি রাডের দখলে রয়েছে। এবারের নির্বাচনে গতবারের তুলনায় ভালো ফলাফল করেছে পরিবেশবাদী গ্রিন দল। ৬৫ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, দলটি ১১ দশমিক ৪৮ শতাংশ ভোট পেয়েছে, যা তাদের জন্য একটি রেকর্ড। গত নির্বাচনে দলটি পেয়েছিল ৭ দশমিক ৮ শতাংশ ভোট।নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রচারণা চালিয়ে যান প্রধানমন্ত্রী গিলার্ড ও বিরোধী লিবারেল পার্টির নেতা টনি অ্যাবট। সংবাদদাতারা বলেন, কেভিন রাডের ক্ষমতাচ্যুতি নিয়ে লেবার দলের বিভক্তিকে কাজে লাগানোর চেষ্টা করেন অ্যাবট। নির্বাচনী প্রচারণায় তিনি অভিবাসনের ব্যাপারে কড়াকড়ির প্রতিশ্রুতি দেন।অন্যদিকে নির্বাচনী প্রচারণাকালে প্রধানমন্ত্রী গিলার্ড আশাবাদ ব্যক্ত করেন, সরকার যেভাবে অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিয়েছে, তাতে তাঁর দল আবারও ক্ষমতায় আসবে। বিবিসি ও রয়টার্স।